শহরে শুটআউট, গার্ডেনরিচে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ

পুজোর আবহে কলকাতা যখন মাতোয়ারা ঠিক সেই সময়ে ফের শুটআউট। সোমবার সকালে গার্ডেনরিচে উদ্ধার হল যুবকের গুলিবিদ্ধ দেহ।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ সোমবার ভোরে গার্ডেনরিচের বন্দর এলাকা থেকে উদ্ধার হল এক যুবকের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ। ভোরবেলা স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন সেখানে এক যুবককে পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায়, দেহের পাশেই পড়েছিল রিভলভার। ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম বন্দর থানার পুলিশ।

তবে এটা খুন নাকি আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে এসেই পুলিশ প্লাস্টিকে ঢেকে দেয় ওই যুবকের দেহ। পুলিশ জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে একটি রিভলভার এবং একটি ব্যাগ পাওয়া গিয়েছে। সেই ব্যাগের সূত্র ধরেই ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য এর পাশাপাশি একাধিক ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে।

মৃত যুবক ওই এলাকার নন বলেই মনে করা হচ্ছে কারণ স্থানীয় বাসিন্দারা কেউ তাঁকে চিনতে পারেননি। বাইরে থেকে আসা যুবকের এই রহস্য মৃত্যু ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। মৃত ওই যুবকের মাথায় তীব্র আঘাত লক্ষ্য করা গিয়েছে তবে আদৌ বুলেট ইনজুরিতেই খুন, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে চাইছে পুলিশ। যদিও মাথা থেকেই রক্ত ঝরতে দেখা গিয়েছিল আর সেই রক্ত শুকিয়ে জমাট বাঁধা ছিল। পুলিশের অনুমান, আত্মহত্যা প্রমাণের চেষ্টায় ওই যুবককে খুন করে তাঁর হাতে অস্ত্র ধরিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। যদিও আত্মহত্যার বিষয়টিও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

হাসপাতাল জানিয়েছে ব্রট ডেড অর্থাৎ হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। সঙ্গে পড়ে থাকা ব্যাগটি থেকেও কোন পরিচয় পত্র পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভি ফুটেজ।