জলমগ্ন শহর, স্থগিত পরীক্ষা

রাতভোর বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, নাজেহাল জনজীবন। অতিরিক্ত বৃষ্টির জেরে ২৩ সেপ্টেম্বরের সমস্ত পরীক্ষা স্থগিত রাখল কলকাতা বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, শহরের একাধিক বেসরকারি স্কুলের পরীক্ষাও স্থগিত করে দেওয়া হয়।

নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি:- জল থৈ থৈ শহর। রাতভর বৃষ্টিতে কলকাতার অধিকাংশ এলাকা জলমগ্ন। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর এবার এত বৃষ্টি হয়েছে যে সব রাস্তায় আগে কখনও জল জমেনি, সেই সব রাস্তাও জলের নীচে। এত বৃষ্টিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করে দেওয়া হল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে ২৩ শে সেপ্টেম্বর এর সমস্ত পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষাগুলির নতুন তারিখ পরে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ীই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক। এত বৃষ্টিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রীট ক্যাম্পাসের ছবিও চোখে পড়ার মতো। এতটা পরিমাণে জল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে আগে কখনও জমেনি বলেই মত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনেকে।

মঙ্গলবারের এত বৃষ্টিতে শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় নয় শহরের একাধিক বেসরকারি স্কুলের পরীক্ষাও স্থগিত করে দেওয়া হয়। বিভিন্ন বেসরকারি স্কুলের তরফে এদিন অভিভাবকদের নোটিশ পাঠিয়ে জানিয়ে দেওয়া হয় প্রয়োজন ছাড়া স্কুলে পড়ুয়াদের না পাঠানোর জন্য। পাশাপাশি এটাও জানানো হয় মঙ্গলবারের এতবৃষ্টিতে স্কুলে উপস্থিতি বাধ্যতামূলক নয়। এত বৃষ্টির কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বন্ধ ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ও।

সোমবার সকালেও কেউ বোঝেনি এমন বিভীষিকাময় হতে চলেছে রাত। মঙ্গলবারের সকাল মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। অতিরিক্ত মাত্রায় বৃষ্টিতে যেমন বাস -ট্যাক্সি -অটো -র জন্য ভুগতে হয়েছে শহরবাসীকে তেমনি কলকাতা এবং আশেপাশের শহর-শহরতলিতে নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে রেল পরিষেবা। পুরসভা সূত্রের খবর, উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতায় বৃষ্টি হয়েছে বেশি। তাই দক্ষিণ শহরতলির জীবনযাত্রা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মত পুর কর্তাদের। রাতভর বৃষ্টি হওয়ার পর মঙ্গলবারও সারাদিন আকাশ মেঘলা ছিল। বিক্ষিপ্তভাবে দিনভর বৃষ্টিও হয়। দূর্যোগ কমলেও বৃষ্টি এখন কয়েকদিন চলবে বলে মত আবহাওয়াবিদদের।