মুখ্যমন্ত্রীর নির্দেশ। দুর্যোগের কারণে এগিয়ে এলো পুজোর ছুটি

প্রাকৃতিক দূর্যোগের কারণে এগিয়ে এল পুজোর ছুটি। ছাত্রছাত্রীদের দূর্যোগের হাত থেকে স্বস্তি দিতে ২৪ ও ২৫ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করল শিক্ষা দফতর। প্রথমে আগাম ছুটির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছুটির কথা জানিয়েছেন। পরে শিক্ষা দফতর থেকে ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়।

নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি:- সোমবার রাতভর বৃষ্টিতে নাজেহাল জনজীবন। শহরের উত্তর থেকে দক্ষিণ জলমগ্ন। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরনোই দুষ্কর হয়ে পড়ে মানুষের। এই দুর্যোগের কারণে সরকারি স্কুল ও কলেজে পুজোর আগাম ছুটির ঘোষণা করা হল। ২৪ ৩৫,সেপ্টেম্বর দূর্যোগের কারণে ছুটি ঘোষণা করা হল। প্রথমে আগাম ছুটির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছুটির কথা জানিয়েছেন। পরে শিক্ষা দফতর থেকে ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়।এই দুর্যোগময় পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমনিতেই  আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সরকারিভাবে পুজোর ছুটি পড়ত তার আগে দূর্যোগের কারণে বুধবার থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমাজমাধ্যমে জানান, “২৬ সেপ্টেম্বর থেকে যেহেতু সরকারি ভাবে পুজোর ছুটি পড়ছে, তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে।” শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কাছে শিক্ষামন্ত্রীর অনুরোধ, “তাঁরা বাড়ি থেকেই যেন নিত্যপ্রয়োজনীয় কাজকর্মগুলি করেন।”

এই দূর্যোগের কারণে ছাত্রছাত্রীদের যাতে সমস্যায় পড়তে না হয় তার জন্যই এই ছুটির সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই ছুটি ঘোষণাকে নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, “মুখ্যমন্ত্রীর ছুটি ঘোষণা ও শিক্ষা দপ্তরের দু দু বার নির্দেশ জারির পরেই দেখা যাচ্ছে আবহাওয়ার উন্নতি হচ্ছে। তাহলে এই অযাচিত ছুটি কেন! যখন তখন ছুটি ঘোষণা করে এভাবে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি অভিভাবকদের অনাস্থা তৈরি করা হচ্ছে না! এভাবে ধীরে ধীরে সরকারি শিক্ষা ব্যবস্থাকে শেষ করে শিক্ষার বেসরকারিকরণ র পথ প্রশস্ত করা হচ্ছে না কি!”

দূর্যোগের কারণে পুজোর ছুটি দুদিন এগিয়ে আনা নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীর বক্তব্য, “কলকাতা কেন্দ্রিক এলাকায় প্রবল প্রাকৃতিক দুর্যোগ। জনজীবন বিপর্যস্ত। কিন্তু রাজ্যের অন্যান্য অধিকাংশ জেলায় এই দুর্যোগের খবর নেই। যে জায়গায় বিপর্যস্ত জনজীবন সে জায়গা বাদ দিয়ে বাকি জায়গায় দুদিন বিদ্যালয়ে পঠন-পাঠন চালানো যেত। যেসব শিক্ষক শিক্ষা কর্মী মেডিকেলে ছিলেন হঠাৎ করে ছুটি ঘোষণার ফলে তাঁরা ছুটি পড়ার আগে জয়েন করতে পারবেন না। তাঁদের যাতে কোনোভাবেই টানা মেডিকেল না হয় সে বিষয়টি দেখতে হবে।”

সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দূর্যোগের কালো মেঘ এখনই কাটছে না। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ২৫ সেপ্টেম্বর আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে। তার জেরে ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই মঙ্গলবারের দূর্যোগের কারণে পুজোর ছুটি এগিয়ে আনায় খুশি অভিভাবকদের একটা বড় অংশ।