পুজোয় ঠাকুর দেখবেন তো? সঙ্গে রাখুন রেনকোট

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: পুজোর আনন্দ কি মাটি করে দেবে বৃষ্টি তাই নিয়ে আলাপ আলোচনার মাঝেই বড় ঘোষণা আলিপুর আবহাওয়া দফতরের। দশমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শনিবার স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সকালে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা আরও পশ্চিমে সরবে এবং নিম্নচাপে পরিণত হবে। সেই সময় তার অবস্থান হবে উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর। নিম্নচাপে পরিণত হওয়ার পর শনিবার সকালে তা দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে ওড়িশা এবং অন্ধ্রে মুষলধারে বৃষ্টি এবং ঝড় হতে পারে। শনিবার সকালে স্থলভাগে নিম্নচাপের প্রবেশের প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাও ভিজবে।

জানা যাচ্ছে যে শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী বর্ষণ যার মধ্যে আছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এ ছাড়া, দক্ষিণের বাকি জেলাগুলিতে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

ষষ্ঠীর দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

সপ্তমীতে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান ভিজতে পারে। অর্থাৎ কলকাতায় এদিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

রেহাই নেই অষ্টমীতেও। এদিনের সতর্কতা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং দুই ২৪ পরগনায়। নবমীর দিন উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। দশমীতে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায় দশমীতে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। অর্থাৎ পুজোর আনন্দকে মাটি করে দিতে এবারে যে বৃষ্টিই অসুর তা নিয়ে আপাতত আর কোন সন্দেহ নেই।