জুলেখা নাসরিন, সাংবাদিক: ব্যাডস অফ বলিউডের জন্য ইতিমধ্যে চর্চায় শাহরুখ পুত্র আরিয়ান খান। নিজের প্রথম সিরিজে সিনে ইন্ডাস্ট্রির কঙ্কালসার রূপ তুলে ধরেছেন আরিয়ান। বাদ যায়নি তাঁর জীবনের অভিশপ্ত অধ্যায়ও। অর্থাৎ মাদককাণ্ডে বছর চারেক আগে জেলে যাওয়া আরিয়ান নিজের জীবনের অভিসপ্ত দিনের কথা ছুঁয়ে গিয়েছেন প্রথম সিরিজেই। এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে নিজের প্রথম সিরিজেই এক হাত নিয়েছেন শাহরুখ পুত্র।

জেলে থাকলে জনপ্রিয়তা বাড়ে- ব্যাডস অফ বলিউডের প্রথম ঝলকেই মাদককাণ্ডে গ্রেফতারি নিয়ে শ্লেষাত্মক সংলাপ ছুড়তে দেখা যায় আরিয়ানকে। এবং দর্শকরা এই সিরিজে অভিনয় করা পুলিশ অফিসারের সঙ্গে এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের মিল খুঁজে পেয়েছেন। আর এবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ের নিশানায় আরিয়ান খান। তবে শুধু একা আরিয়ান নন। দিল্লি হাইকোর্টে শাহরুখ এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা করেছেন সমীর ওয়ানখেড়ে। এবং আদালতে তিনি এটাও জানিয়েছেন, এই টাকা পেলে তিনি টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে দান করবেন। প্রাক্তন এনসিবি অফিসারের দাবি, মাদক বিরোধী এজেন্সি নিয়ে এই সিরিজে বিভ্রান্তিকর ও নেতিবাচক প্রচার করেছ। এর ফলে এই সংস্থাগুলির উপরে সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে। সমীর আরও দাবি করেছেন, সিরিজটিতে ইচ্ছাকৃতভাবে এই ধরনের বিষয় দেখানো হয়েছে ৷ তাঁর খ্যাতিকে পক্ষপাতদুষ্টভাবে নষ্ট করার উদ্দেশ্যে এমন দৃশ্য দেখানো হয়েছে ৷ বিশেষ করে যখন তাঁর এবং আরিয়ান খানের সঙ্গে জড়িত মামলাগুলি বোম্বে হাইকোর্ট এবং মুম্বইয়ের এনডিপিএস বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে।

ব্যাডস অফ বলিউডের প্রথম পর্বের একটি চরিত্র নিজেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসাবে পরিচয় দেয়। সিনে ইন্ডাস্ট্রির কথিত মাদক সংস্কৃতির নিন্দা করে এক বলিউড পার্টিতে প্রবেশ করে এবং চরিত্রটির পোশাক, চুলের ছাঁট, শারীরিক গঠন সমীর ওয়াংখেড়ের কথা মনে করায় দর্শককে। ২০২১ সালে প্রমোদতরী থেকে আরিয়ানকে গ্রেফতার করে খবরের শিরোনামে উঠে আসেন। এবং মামলাটি এখনও বিচারাধীন। যদিও সিরিজের শুরুতেই আরিয়ান জানিয়ে দিয়েছেন তাঁর সিরিজের সব চরিত্র কাল্পনিক।
এই সিরিজের একটি দৃশ্যে রণবীর কাপুরের হাতে ই-সিগারেট দেখা যায়। এটা নিয়ে মামলাও হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন মুম্বই পুলিশকে রণবীর কাপুর, প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্ট এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দিয়েছে। উপযুক্ত ডিসক্লেইমার ছাড়াই ই-সিগারেটের ব্যবহার দেখানো হয়েছে। এবং বিষয়টি লিগ্যাল রাইটস অবজারভেটরি থেকে অভিযোগের পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও আরিয়ান খান সিরিজের শুরুতেই জানিয়েছেন, তাঁর সিরিজের সব চরিত্র কাল্পনিক।
১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিরিজটি। সাতটি পর্বের এই সিরিজ যথেষ্ট সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। প্রশংসা, সমালোচনা মিলিয়ে আরিয়ান যে প্রথম সিরিজেই দর্শকদের মনে বেশ ছাপ ফেলেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার সমীর ওয়াংখেড়ের এই বাউন্সার কিভাবে সামলান শাহরুখ-গৌরী।