প্রকাশিত হবে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা!

শিক্ষক-শিক্ষিকাদের পর এবার শিক্ষাকর্মীদেরও অযোগ্য তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। দ্রুতই হতে চলেছে  শিক্ষাকর্মীদের নয়া নিয়োগের প্রক্রিয়া।  তার আগেই অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা হবে।

নাজিয়া রহমান,  নিজস্ব প্রতিনিধি : ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেল বাতিলে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী।  সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি নবম-দশম ও একাদশ – দ্বাদশ শ্রেণীর  শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে সেপ্টেম্বর মাসে। এবার শিক্ষাকর্মী নিয়োগের পালা। প্রসঙ্গত স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই শিক্ষাকর্মীদের নয়া নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে । আগামী ৩ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে বিজ্ঞপ্তি জানানো হয়েছে। কত সংখ্যক শূন্য পদ রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের জন্য, তার সংখ্যাও প্রকাশ করেছে এসএসসি। তবে এই পরীক্ষায় বসতে পারবে না অযোগ্য শিক্ষাকর্মীরা। এবার অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করবে এসএসসি। ৩ নভেম্বর থেকে অনলাইনে শিক্ষকর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে। অনলাইনে পরীক্ষার জন্য

 আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই অযোগ্য শিক্ষাকর্মীদের এই তালিকা এসএসসি প্রকাশ করে দেবে বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।

সূত্রের খবর, কালীপুজো-দীপাবলি মিটলেই এসএসসি ওয়েবসাইটে অযোগ্য শিক্ষাকর্মীদের নিয়োগের  তালিকা প্রকাশ করবে । নয়া নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যরা আবেদন করতে পারবেন না। শিক্ষাকর্মীদের নিয়োগের পরীক্ষায় যাতে স্বচ্ছতা বজায় থাকে  তারজন্য কড়া নজর রয়েছে এসএসসির। ৩৫০০-এরও বেশি প্রার্থীদের নাম থাকতে চলেছে অযোগ্যদের তালিকায় বলে জানা গেছে। গ্রুপ সি ও গ্রুপ ডি-র জন্য পৃথক পৃথক তালিকা প্রকাশ করবে এসএসসি বলে খবর।

প্রসঙ্গত, ২০১৬-এর প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। তারমধ্যে  যেমন ১৫,৪০৪জন শিক্ষকের চাকরি হারিয়েছেন , তেমনই কাজ হারিয়েছিলেন স্কুলে কর্মরত ১০,৩৪৮জন গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীও। কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী,  শিক্ষাকর্মীদের মধ্যে  গ্রুপ-সি ও গ্রুপ-ডি মিলিয়ে ‘যোগ্য’ চাকরিহারার তালিকায় সংখ্যাটি হল ৩,৩৯৪ জন। এর মধ্যে গ্রুপ সি-তে রয়েছেন ১,২৫৫ জন। গ্রুপ ডি-তে ২১৩৯ জন।  অর্থাৎ, বাকিরা সকলেই ‘অযোগ্য’ -র তালিকায় পড়েছেন। এদের মধ্যে ওএমআর শিট-এ কারচুপির অভিযোগ রয়েছে ৭৮২ জনের  গ্রুপ-সি এবং ২,১৩৯ জন গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে। প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি পাওয়ার অভিযোগ ছিল ৯৯০ জন শিক্ষাকর্মীর বিরুদ্ধে।

আদালতের তরফে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যত দ্রুত সম্ভব ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’দের স্পষ্ট তালিকা প্রকাশ করার কথা । কোর্টের  নির্দেশ মেনে  গত সেপ্টেম্বরে ‘অযোগ্য’ শিক্ষকদের তালিকা প্রকাশ করে এসএসসি। কিন্তু এখনও পর্যন্ত ‘অযোগ্য’ শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশিত হয়নি। এবার ‘অযোগ্য’ শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। কালীপুজোর পরেই সেই তালিকা প্রকাশিত হবে বলে জানা গেছে।