পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন। শুধু মাঠে ময়দানে প্রচার নয়, কর্মীরাও প্রচারে নামবেন সোশ্যাল মিডিয়াতে।
ঋক পুরকায়স্থ, নিজস্ব সংবাদদাতা: দোরগোড়ায় ২৬-এর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে ময়দানে নেমে পড়েছেন বহু রাজনৈতিক নেতৃত্বরা। বিভিন্ন ধরণের ক্যাম্পেইন দেখা গিয়েছে শাসক-বিরোধী দুই শিবিরে। নির্বাচনের পারদ যত বাড়ছে, ততই ময়দানে ঝাঁঝ বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি। বিভিন্ন সময় নির্বাচনের আগে দেখা গিয়েছে তৃণমূলের তরফে বহু ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে। কখনও ‘সরাসরি মুখ্যমন্ত্রী’, কখনও আবার ‘এক ডাকে অভিষেক’, আবার ‘বাংলা নিজের মেয়েকে চায়’ এইধরণের ক্যাম্পেইনও দেখেছে বাংলার মানুষ। তবে ২৬-এর নির্বাচন ঘিরে উত্তেজনা যে রাজনৈতিক মহলে অন্য মাত্রায় সেটা ইতিমধ্যে স্পষ্ট। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই কথা স্পষ্ট করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৬-এর নির্বাচনকে মাথায় রেখে নতুন ক্যাম্পেন “আমি বাংলার ডিজিটাল যোদ্ধা” লঞ্চ করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

ফেসবুকে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা আজ বহিরাগত বাংলাবিরোধী জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত ও কালিমালিপ্ত—যারা মিথ্যা ও অপপ্রচারকে হাতিয়ার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করছে, বিশেষ করে এই মুহূর্তে যখন এই লড়াই ডিজিটাল দুনিয়ায় প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের দায়িত্ব হল বাংলার অধিকার, মর্যাদা ও সত্য রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে আসা। তাই আমি শুরু করছি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’—একটি জনশক্তিনির্ভর, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ডিজিটাল আন্দোলন। যার লক্ষ্য বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য-পরিচয়কে রক্ষা করা, সত্যকে প্রতিষ্ঠা করা এবং বাংলার গর্ব ও অগ্রগতির বার্তা ছড়িয়ে দেওয়া – ভারতের প্রতিটি প্রান্তে এবং সমগ্র বিশ্বে।
যে সকল তরুণ-তরুণী বাংলাকে অপমানিত হতে দিতে চান না, তাঁদের উদ্দেশে আমার আহ্বান – এটাই আপনাদের সময়। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন। নিচের লিঙ্কে গিয়ে রেজিস্টার করুন এবং একসাথে দেখিয়ে দিন বিশ্বকে—যখন বাংলার মানুষ একত্রে গর্জন করে, তখন কী অসাধ্য সাধন করা যায়।”
সাধারণ মানুষ নিজেদের মতামত নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন এই প্লাটফর্মে। তৃণমূলের কর্মী সমর্থকরা নির্বাচনের আগে, প্রচারের সময় দলের হয়ে ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন রকমের পোস্ট করে থাকেন। এই ওয়েবসাইটে লগ ইনের পর এখানে ট্রেনিং সেশন করানো হবে। যার মাধ্যমে ডিজিটাল প্রচারকে আরও কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই প্রশিক্ষণ দেওয়া হবে কর্মীদের। সমস্ত মানুষই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন। নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া প্রচারের অন্যতম মাধ্যম। আর এই মাধ্যমকে হাতছাড়া করতে একেবারেই নারাজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকেই তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দুপুরবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করবেন, কী সেই পোস্ট, এমন জল্পনা শুরু হয়ে গিয়েছিল সকাল থেকেই। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে, নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে দলকে চাঙ্গা করতে, কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে সেই সমস্ত কিছু আরও গভীরভাবে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তিনি। একুশের শহিদ মঞ্চ থেকে নির্বাচনের মাপকাঠির বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে জানিয়েছিলেন, বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে পঞ্চাশের বেশি আসন পাবে না। আর অভিষেকের এই ভবিষ্যদ্বাণীকে বাস্তব করতে তৎপর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। মাঠে-ময়দানে প্রচার তো রয়েছেই। সমান্তরালভাবে ডিজিটাল মিডিয়াকে মাধ্যম করে প্রচারের ঝাঁঝ বাড়াতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।