বিহার বিধানসভা নির্বাচনে কে এনডিএ জোটের মুখ?

বিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট করলেন নীতীশের উপরই ভরসা রাখছে বিজেপি

ঋক পুরকায়স্থ, সাংবাদিক: বিহারের বিধানসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। এই আবহের মধ্যেই বৃহস্পতিবার লালুপুত্র তেজস্বী যাবদকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর মুখ ঠিক করা হয়েছিল। সেই সঙ্গে সাংবাদিক সম্মেলনের সময় কংগ্রেসের বর্ষিয়ান নেতা অশোক গেহলট এনডিএ-কে কটাক্ষ করে বলেছিলেন, আমাদের মুখ তেজস্বী, কিন্তু আপনাদের দুলহা কে হবে? তবে সেই মুখ প্রকাশ্যে এনে দিল এনডিএ জোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নীতীশ কুমারের নেতৃত্বেই বিহারে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সরকার গড়বে এনডিএ জোট। তবে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই কিনা সে কথা এখনও স্পষ্ট করেননি নরেন্দ্র মোদী।দোরগোড়ায় বিহারের বিধানসভা নির্বাচন। তবে এই আবহে মধ্যেই ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন সেই নাম বৃহস্পতিবারই ঘোষণা করা হয়েছিল। তেজস্বী যাদবই হবেন বিরোধী জোটের মুখ্যমন্ত্রীর মুখ একথা একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়ে দিয়েছিলেন বিরোধী জোট। উপমুখ্যমন্ত্রীর মুখ করা হয়েছে বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানিকে। অর্থাৎ বিহারে জোট সরকার জিতলেও বড় পদ পাচ্ছে না কংগ্রেস সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল গতকালই।শুক্রবার বিহারের ত্রিমুখী প্রচারে ময়দানে বিজেপির তিন গুরুত্বপূর্ণ মুখ।

একদিকে সমস্তিপুরে বিশাল জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অমিত শাহর সভা বক্সার ও সিওয়ানে। পাশাপাশি বিহারের বৈশালির হাজিপুরে বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠক বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। সব মিলিয়ে বিহারের বিধানসভা নির্বাচনের আগে জমে উঠেছে শাসক ও বিরোধীদের প্রচার কর্মসূচি। এরই মধ্যে আরজেডিকে জোর কটাক্ষ করলেন জেপি নাড্ডা। কটাক্ষের মুরে তিনি বলেন, আরজেডির নতুন নাম। R – রংবাজ, J – জঙ্গলরাজ, D – দাদাগিরি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জনসভা থেকে বলেছেন, বিহারের এমন কোনও জায়গা নেই যেখানে এনডিএ সরকারের উন্নয়নের আলো পৌঁছে যায়নি। এত আলো যখন আছে তাহলে লন্ঠনের কী দরকার? নীতীশ কুমারের নেতৃত্বেই বিহানে এনডিএ পুরোনো সমস্ত রেকর্ড ভেঙে দেবে এবং ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রীর এই কথা থেকে একেবারেই স্পষ্ট যে বিহারে এনডিএ-র মুখ নীতীশ কুমার। কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ নীতীশ কিনা সে নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে বিহারে এনডিএ-র পুর্ববর্তী বিধায়ক অনুযায়ী বিজেপির সংখ্যা বেশি। জেডিইউ-র বিধায়ক সংখ্যা বিজেপির থেকে কম। বিজেপি নেতাদের বহুদিনের দাবি ছিল আসন্ন বিহারের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ নীতীশকে না করে বিজেপির কেউ হোক। তবে গত বিধানসভার পর লোকসভা নির্বাচনে বিজেপি সেইরকম ভালো ফলাফল করতে পারেনি। তাই বিজেপি হয়তো নীতীশের উপরই ভরসা রাখছে।