ফের কলকাতায় শাহরুখ!

এক সময় নিয়ম করে কলকাতা ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনে উপস্থিত থাকতেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তবে গত বেশ কয়েক বছর ধরে ফিল্ম ফেস্টিভালে দেখা যায়নি অভিনেতাকে।

রিয়া হালদার, সাংবাদিক: ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেখা কি যাবে শাহরুখকে? যদি তা না হয় কবেই বা কলকাতায় পা রাখছেন শাহরুখ?

আপনারা সকলেই জানেন, গত রবিবারই ছিল কিং খানের ৬০তম জন্মদিন। শাহরুখ অনুরাগী থেকে শুরু করে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অনেকেই। অনুরাগীরা শাহরুখ খানের বাড়ির সামনে হাজির হয়েছিলেন মধ্য রাতে সেলিব্রেশনের জন্য। তবে মন্নত পুনঃনির্মাণের কারণে এখন সেখানে পরিবারকে নিয়ে থাকছেন না শাহরুখ। তাই এদিনের মধ্যরাতের সেলিব্রেবশনের সাক্ষী থাকলেন না কিং খান। তিনি বর্তমানে রয়েছেন আলিবাগে। সেখানেই ঘনিষ্ঠ কিছু বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করেন কিংখান।

তবে শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন যারা তাদের মধ্যে অন্যতম ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত ১২টার ঠিক এক মিনিট আগে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মমতা। মুখ্যমন্ত্রী লিখেছিলেন ”আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় চলচিত্রে তোমার অবদান অপরিসীম। তোমার অভিনয় জীবন আরও বিস্তৃত হোক।”এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে উত্তরও দিলেন শাহরুখ। অভিনেতা লেখেন, মমতা দিদি আমাকে শুভেচ্ছা পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক শুভেচ্ছা। আমি খুব তাড়াতাড়ি কলকাতায় যাব। শাহরুখের জন্মদিন হোক বা শুটিং ফ্লোরের দুর্ঘটনা, সবক্ষেত্রেই মুখ্যমন্ত্রী তাঁর কথা ভেবেছেন। এর আগে ‘কিং’ ছবির শুটিং চলাকালীন গুরুতর জখম হয়েছিলেন শাহরুখ। বাদশার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তাঁর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভাই শাহরুখের স্বাস্থ্যের জন্য আমি চিন্তিত। পেশিতে আঘাত পেয়ে গুরুতরভাবে জখম হয়েছেন শাহরুখ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’ সে যাই হোক, শাহরুখ খান কলকাতায় আসবেন সেটাই এখন বড় বিষয়। শাহরুখ কলকাতায় আসবেন এই পোস্ট ছড়িয়ে পড়তেই উত্তেজনার আবেশ তৈরি হয়েছে কলকাতার দর্শকের মধ্যে। ইতিমধ্যেই বাদশার কলকাতা সফরের অপেক্ষায় তাঁরা। শাহরুখ কলকাতায় আসবেন শুনেই দিন গুনতে শুরু করেছেন অনুরাগীরা।

গত কয়েক মাস ধরেই ছবির শুটিং নিয়ে ব্যস্ত শাহরুখ। জন্মদিনে ছবির প্রথম ঝলক প্রকাশ্যেও এনেছেন তিনি। দর্শকের অনুমান,আসন্ন ছবি ‘কিং’-এর প্রচারের জন্যই কলকাতায় আসবেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে শাহরুখের লুক নিয়েও ঝড় উঠেছে অনুরাগীদের মধ্যে। তাঁদের মতে, ধূসর চুলেও মুগ্ধ করেছেন শাহরুখ। তবে ছবিতে তাঁর পোশাক এবং চুলের ধরণ এক্কেবারে ব্র্যাড পিট অভিনীত ‘এফ ১’ ছবির চরিত্রের মতো। আর যা দেখে রীতিমতো চর্চা তুঙ্গে নেটপাড়ায়। অনেকেই বলছেন, ‘শাহরুখ কিনা শেষমেশ অনুকরণ করলেন?’ অনেকেই আবার হলিউডকে অনুকরণ করে বলিউডের ছবি নির্মাণের নানা নজির তুলে ধরে তুলনা টানছেন।
আর চর্চা চরমে উঠতেই মুখ খুলেছেন ছবির পরিচালক, সিদ্ধার্থ আনন্দ। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন, ‘অনুসরণকারীদের কি স্মৃতি এতটাই দুর্বল? শাহরুখের এই লুক নতুন নয়। এর আগে ২০১৭ সালে ‘জব হ্যারি মেট সেজল’ ছবিতেও একই লুকে দেখা গিয়েছিল। ২০২৫ সালে শাহরুখের ওই লুক ব্র্যাড পিটকে ট্রাই করতে দেখা যায় ‘এফ ১’ ছবিতে। তাহলে কে কাকে অনুসরণ করলেন? পরিচালকের মতে ইদানিং বলিউড যেন একটু বেশিই কটাক্ষের শিকার হচ্ছে। তাঁর এই মন্তব্য নেটিজেনদের কটাক্ষে সপাটে উত্তর দেয়। শাহরুখ নন বরং ব্র্যাড পিটই যে কিং খানকে নকল করছেন এমনটাই বলেন পরিচালক। তবে এসবের মাঝেই ছবি নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন বাদশা।

এই ছবিতে একইসঙ্গে অভিনয় করছেন দীপিকা। তবে দীপিকার সঙ্গে শাহরুখের অনস্ক্রিন রোম্যান্স থাকবে কিনা তা নিয়ে নানা জল্পনা ছিলই। এবার শাহরুখের মন্তব্য তাতে সিলমোহর দিল। সম্প্রতি তাঁর জন্মদিনে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ সারার সময় ভিড়ের মধ্যে থেকে এক অনুরাগী বলে ওঠেন “শাহরুখ আমরা তোমাকে খুব ভালোবাসি।” এর উত্তরে শাহরুখ বলেন, “আমার সঙ্গে ছবিতে দীপিকাও রয়েছেন। ভালোবাসা অবশ্যই থাকবে।” আর এখান থেকেই স্পষ্ট হচ্ছে দীপিকার সঙ্গে এই ছবিতে শাহরুখকে রোম্যান্টিক অবতারে দেখা যাবে। তবে শাহরুখ কবে কলকাতায় আসে সেটাই এখন দেখার।