সোমবার সন্ধেয় লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে দিল্লিবাসীকে। এরইমধ্যে বৃহস্পতিবার বিকট শব্দে কেঁপে উঠল মহীপালপুর এলাকা।

মাম্পি রায়, সাংবাদিক: লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘা এখনও দগদগে দিল্লির বুকে। সোমবার সন্ধে ৬টা ৫২ মিনিটে একটি ছোট গাড়ি লালকেল্লার সুভাষ মার্গ সিগনালে দাঁড়ায়। ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকায়। গাড়িটি টুকরো হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ে। অন্তত ১৩জনের মৃত্যু হয়েছে। একাধিক পথচলতি মানুষজন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশেপাশেক বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও যেন সেই দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে দিল্লিবাসীকে।
এই আতঙ্কের আবহেই আবার বিস্ফোরণ দিল্লিতে। বৃহস্পতিবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় বাসিন্দাদের মধ্যে। ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকলের তিনটি ইঞ্জিন। প্রাথমিক তদন্তের পর দিল্লি পুলিশ জানিয়েছে, সন্দেহজনক কিছু মেলেনি। জানা যাচ্ছে, কোনও হামলা নয়, বরং দিল্লি পরিবহণ নিগমের একটি বাসের পিছনের চাকা ফেটে যাওয়ার কারণেই এই বিকট শব্দ হয়। সেই শব্দ শুনেই আতঙ্কে দানা বাঁধে স্থানীয়দের মনে। তাঁরা ভাবতে শুরু করেন, ফের বোধহয় বিস্ফোরণ ঘটল দিল্লিতে। তবে না। এবার আর তেমন ভয়াবহ কিছু হয়নি। বৃহস্পতিবার সকাল ৯টা ১৮ মিনিটে দিল্লির মহীপালপুর এলাকায় একটি হোটেলের কাছে এই বিস্ফোরণের মতো শব্দটি শোনা গিয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিকট শব্দ শুনে আতঙ্কে তো থানায় ফোন করে ফেলেছেন এক মহিলা। ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তড়িঘড়ি ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও দমকল। ঘটনাস্থলে পৌঁছল দমকলের তিনটি ইঞ্জিন। তড়িঘড়ি ঘটনাস্থল ঘিরে তল্লাশি শুরু হয়।
তারপরই বিষয়টি প্রকাশ্যে এসেছে। তদন্তকারীরা জানতে পারছেন, বাসের চাকা ফেটে যাওয়ার কারণেই বিস্ফোরণের মতো ওই বিকট শব্দ তৈরি হয়।
দমকল আধিকারিক জানাচ্ছেন, “জিজ্ঞাসাবাদের সময় এক ব্যক্তি জানান, দিল্লির সরকারি পরিবহণ নিগমের একটি বাস বৃহস্পতিবার সকালে ধৌলা কুঁয়ার দিকে যাচ্ছিল। সেইসময় বাসের পিছনের দিকের একটি চাকা ফেটে বিপত্তির সূত্রপাত। সেই আওয়াজ এতটাই জোরে হয়, যে আতঙ্ক দানা বাঁধে স্থানীয়দের মনে। তল্লাশি অভিযান শুরু হতেই বিষয়টি প্রকাশ্যে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ভয়ের কোনও কারণ নেই।”
পুলিশ জানিয়েছে ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।
সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে একটি সাদা রঙের হুন্ডাই গাড়িতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩জনের মৃত্যু হয়েছে। রাজধানীর বুকে এমন ভয়াবহ বিস্ফোরণের পর থেকে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না দিল্লিবাসীর। এই পরিস্থিতিতে এই আওয়াজ স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি করেছে দিল্লির বাসিন্দাদের মনে। তবে পুলিশ নিশ্চিত করেছে যে, ঘটনাস্থল থেকে কোনও সন্দেহজনক সামগ্রী পাওয়া যায়নি। বাসের চাকা ফেটেই এমন আওয়াজ হয়েছে।