প্রয়াত অভিনেত্রী কামিনী কৌশল

কামিনী অভিনীত প্রথম ছবির নাম ‘নীচা নগর’। ছবিটি কান চলচ্চিত্র উৎসবে যায়। আন্তর্জাতিক মঞ্চে বিশেষ ছাপ ফেলেছিল। অভিনয়ের জন্য দারুণ প্রশংসা পেয়েছিলেন কামিনী।

রিয়া হালদার, সাংবাদিক: বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। আবারও এক নক্ষত্রপতন। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ ব‌‌‌ছর। ভারতীয় চলচ্চিত্রে একসময় পরিচিত নাম ছিল কামিনী কৌশল। তিনি ছিলেন বলিউডের প্রথম দিকের মহিলা সুপারস্টারদের মধ্যে একজন। আর তাঁর মৃত্যুকে এক অধ্যায়ের সমাপ্তি বলে মনে করছেন অনুরাগীরা। ১৯২৭ সালের ২৪ ফেব্রুয়ারি জন্ম কামিনী কৌশলের। ১৯৪৬ সালে বলিউডের সফর শুরু করেছিলেন তিনি। তাঁর প্রথম ছবির নাম ‘নীচা নগর’। ছবিটি কান চলচ্চিত্র উৎসবে পর্যন্ত গিয়েছিল। আন্তর্জাতিক মঞ্চে এই ছবি বিশেষ ছাপও ফেলেছিল। অভিনয়ের জন্য দারুণ প্রশংসা পেয়েছিলেন তিনি।

সাদা-কালো ছবি থেকে অভিনয়ের সফর শুরু হয়েছিল তাঁর। তারপর কেরিয়ারে একের পর এক মাইলফলক তৈরি হয়। দিলীপ কুমার থেকে শাহরুখ খান, ৭ দশক ধরে কাজ করেছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে কাজ করেছেন ৯০টিরও বেশি ছবিতে। রাজ কপূর, অশোক কুমার, দিলীপ কুমার, রাজ কুমারের মতো বলিউডের বড় বড় তারকার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। তিনি ছিলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম ছবি ‘শহিদ’র নায়িকা। অনস্ক্রিন কামিনী কৌশলের সঙ্গেই জুটি বেঁধেছিলেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও চুটিয়ে কাজ করেছেন প্রবীণতম অভিনেত্রী। দূরদর্শনে তাঁর ‘চাঁদ সিতারে’ হয়ে উঠেছিল একটি আইকনিক শো। এমনকি নব্বইয়ের দশকেও তিনি সিনেমা থেকে দূরে থাকেননি।

বিনোদনজগতে মার্জিত, বুদ্ধিমতী ও ভদ্র মানুষ হিসাবে পরিচিত ছিলেন।‘দো ভাই’, ‘শাহিদ’, ‘নদীয়া কে পার’, ‘জিদ্দি’, ‘শবনম’, ‘নমুনা’, ‘আরজু’, ‘নাইট ক্লাব’, ‘গোদান’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন কামিনী। ‘প্রেম নগর’, ‘দো রাস্তে’, ‘মহা চোর’-এর মতো ছবিতে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন তিনি। তাঁর অভিনীত শেষ ছবি ছিল ২০২২-এ ‘লাল সিংহ চড্ডা’। তার আগে ২০১৩-য় ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ২০১৯-এ ‘কবীর সিংহ’-এ অভিনয় করেন। ‘চেন্নাই এক্সপ্রেস’-এ শাহরুখ খান, ‘লাল সিংহ চড্ডা’য় আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন কামিনী। আর তাঁর মৃত্যুর পরে যাতে অভিনেত্রীর ব্যক্তিগত পরিসর অক্ষত থাকে, সেই আর্জি রাখা হয়েছে। কামিনীর পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “কামিনী কৌশল খুবই সাধারণ জীবনযাপন করতেন। তাই ওঁর পরিবারের ব্যক্তিগত সময় প্রয়োজন। তিনি হয়তো আজ আমাদের মধ্যে আর নেই, কিন্তু অভিনয় ও চলচ্চিত্র জগতে তাঁর বিশাল এই অবদান তাঁকে অমর করে রাখবে। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগত এক বিশাল শূন্যতার সাক্ষী হল।