বৃহস্পতিতেই দশমবার মুখ্যমন্ত্রীর আসনে বসছেন নীতীশ কুমার

ঐতিহাসিক হতে চলেছে বিহারের শপথগ্রহণ অনু্ষ্ঠান। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গান্ধী ময়দান।

মাম্পি রায়, সাংবাদিক : বিহারে সরকার গঠনের প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার নতুন সরকারের শপথগ্রহণের অনুষ্ঠান হবে ঐতিহাসিক গান্ধী ময়দানে। বিশাল আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএর প্রবীণ নেতারা। লক্ষাধিক মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। শপথগ্রহণের অনুষ্ঠানের আগে বুধবার এনডিএর দুই মূল শরীক জেডিইউ এবং বিজেপির নিজেদের বিধায়কদলের বৈঠক হয়েছে। বৈঠকের পর নীতীশ কুমারকে বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

জেডিইউর বৈঠক বেলা ১১টা নাগাদ মন্ত্রী শ্রবণ কুমারের বাসভবনে হয়েছে। যেখানে নীতীশ কুমারকে জেডিইউ বিধায়ক দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এদিকে বিজেপি বিধায়ক দলের বৈঠকে সম্রাট চৌধুরীকে আইনসভা দলের নেতা নির্বাচন করা হয়েছে। বিজয় কুমার সিনহাকে উপনেতা নির্বাচন করা হয়।  ওই বৈঠকের পর বিধানসভার সেন্ট্রাল হলে এনডিএ বিধায়ক দলকে নিয়ে একটি বৈঠক হয়। যেখানে আনুষ্ঠানিকভাবে নীতীশ কুমারকেই নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানান।

এক নজরে দেখে নেওয়া যাক কেন ঐতিহাসিক দিন বলা হচ্ছে নীতীশ কুমারের এই শপথগ্রহণ অনুষ্ঠানকে। কী কী বিশেষ হতে চলেছে এই অনুষ্ঠানে।

  • ২০ নভেম্বর বেলা ১১.৩০ মিনিটে গান্ধী ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে।
  • দুপুর ১২.৩০ মিনিটে গান্ধী ময়দান পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • একাধিক এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন এই অনুষ্ঠানে।
  • নীতীশ কুমারের সঙ্গে  একইদিনে ২০জন মন্ত্রী শপথ নিতে পারেন।
  • এই নিয়ে দশমবার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নীতীশ কুমার।
  • ২০১০সালের পর প্রথমবার গান্ধী ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা। বিহারের বিধানসভা  নির্বাচনে এবার ২০২ আসনে জয়ী হয়েছে এনডিএ জোট। যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অনেক বেশি। বিজেপি একাই পেয়েছে ৮৯টি আসন। জেডিইউ পেয়েছে ৮৫টি আসন। এলজেপি পেয়েছে ১৯টি আসন। হিন্দুস্তান আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চা জিতে নিয়েছে ৯টি করে আসন। আরজেডি-কংগ্রেসের মহাগঠবন্ধন মাত্র ৩৫টি আসনে জয়ী হয়েছে।

২০ নভেম্বর নিঃসন্দেহে নীতীশ কুমারের জন্য একটি ঐতিহাসিক দিন হতে চলেছে। কারণ এই নিয়ে ১০বার মুখ্যমন্ত্রীর আসনে শপথ নিতে চলেছেন তিনি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গান্ধী ময়দান। এই শপথগ্রহণ অনুষ্ঠান বিহারের রাজনীতিতে একটি নয়া অধ্যায় যুক্ত করবে বলে আশাবাদী এনডিএ নেতারা।