এসএসসি-র পর এবার প্রাথমিকেও শিক্ষক নিয়োগ

দীর্ঘ ৭ বছর পর শিক্ষক নিয়োগ হতে চলেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৯ নভেম্বর বুধবার থেকেই আবেদন জানাতে পারবেন চাকুরিপ্রার্থীরা।

নাজিয়া রহমান,  নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ প্রতিক্ষার অবসান। প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি।  প্রাথমিকে ১৩,৪২১টি শূন্য পদের জন্য শিক্ষক  নিয়োগ করা হবে। প্রাথমিকে শিক্ষক হওয়ার জন্য অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।  এই আবেদন প্রক্রিয়া  ১৯ নভেম্বর বিকেল ৩টে থেকে শুরু চলবে ৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে সামিল হন টেট পাস করা চাকুরিপ্রার্থীরা। প্রসঙ্গত, ২০২২ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা  টেট  হয়। শিক্ষক নিয়োগের সেই পরীক্ষার ফলাফলও প্রকাশ হয় যথাসময়ে। কিন্তু নিয়োগ শুরু না হওয়ায় ক্রমশ পর্ষদের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে টেট পাস চাকরিপ্রার্থীদের।  অবশেষে প্রাথমিকে শিক্ষক  নিয়োগের বিজ্ঞপ্তি দিল পর্ষদ। বুধবার থেকেই শুরু হচ্ছে আবেদনের প্রক্রিয়া গ্রহণের পর্ব। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন নেবে পর্ষদ। 

সরকার অনুমোদিত, সরকার পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র (বেসিক) স্কুলে সহকারি শিক্ষক পদের জন্য টেট পাশ করা চাকুরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনর জন্য চাকুরিপ্রার্থীদের wbbpe.wb.gov.in এই পোর্টালে গিয়ে ‘Application for Assistant Teachers in Primary Schools, 2025’ লিংকে ক্লিক করতে হবে, তারপর সেখান থেকেই আবেদন করা যাবে।

টেট পাশ করা চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে   মোট ৫০ নম্বরের উপর মূল্যায়ণ হবে। এর মধ্যে মাধ্যমিকের জন্য থাকবে ৫, উচ্চ-মাধ্যমিকের জন্য দেওয়া হবে ১০ নম্বর। এছাড়া, টেট-এর জন্য থাকবে ৫ নম্বর, আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি জন্য থাকবে ৫ নম্বর। আর সাক্ষাৎকারের জন্য থাকবে ৫ নম্বর এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য থাকবে ৫ নম্বর। এই নম্বর বিভাজনের মাধ্যমে নিয়োগ করা হবে।

প্রাথমিকের টেট পাশ এক চাকুরিপ্রার্থীর বক্তব্য, “প্রাথমিক শিক্ষক নিয়োগের ২৫-০৯-২০২৫ তারিখের বিজ্ঞপ্তি পর্যন্ত সংশোধিত নিয়োগ বিধি অনুযায়ী মাধ্যমিকে ৫, উচ্চ মাধ্যমিকে ১০, প্রশিক্ষণে ১৫ , টেটে ৫, এক্সট্রা কারিকুলামে ৫, APTITUDE টেস্টে ৫ ও ইন্টারভিউতে ৫  ধরে মোট ৫০ নাম্বারে নিয়োগে হবে বলে আমরা বুঝতে পারছি। তবুও সম্প্রতি নিয়োগের নিয়ম পরিবর্তনের ড্রাফট আমরা ০৩-১১-২০২৫ তারিখে দেখতে পেয়েছিলাম, যেটি ১৫ দিন পর্যন্ত সাজেশন নিতে প্রকাশ করা হয়েছিল। সেই নিয়মে  মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রশিক্ষণে ৫+৫+৫ ও টেটে ২৫ এবং APTITUDE টেস্টে ৫ ও ইন্টারভিউতে ৫ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিলো। এখন কিছুজনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কোন নিয়মে নিয়োগ সম্পন্ন হবে। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চাকরিপ্রার্থীদের বিভ্রান্তি কাটাতে স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন।”