দেশের বিভিন্ন প্রান্তে ঘন ঘন কম্পন। যা রীতিমত ঘুম ছুটিয়েছে ভূবিজ্ঞানীদের।ভূ বিজ্ঞানীদের মতে বর্তমানে গোটা হিমালয়ই কম্পনের আওতায়

নাজিয়া রহমান, নিজস্ব সংবাদদাতা: যে কোনও মুহূর্তে তীব্র ভূমিকম্প গ্রাস করে ফেলতে পারে হিমালয়ের পাদদেশকে! ভূবিজ্ঞানীদের গবেষণার ভিত্তিতে এই প্রথমবার হিমালয় অঞ্চলকে ভূমিকম্পের ক্ষেত্রে ‘অতি বিপজ্জনক’ বলে চিহ্নিত করা হল। যা রীতিমত শিউরে ওঠার মতো খবর।
প্রতিনিয়ত ভূগর্ভস্থ পাতের জায়গার পরিবর্তন। যা রীতিমতো ভয়ের কারণ হয়ে উঠছে বলে মত পরিবেশবিদের। বেশ কিছু দিন ধরে ঘনঘন কম্পনের কবলে পড়ছে ভারতের একাধিক স্থান, বিশেষত পার্বত্য এলাকা। হিমালয় ও তার লাগোয়া অঞ্চলে ভূকম্পনের পরিমান যেন বেড়েই চলেছে। খুব কম সময়ের ব্যবধানে কেঁপে উঠেছে ভূগর্ভ। সম্প্রতি বাংলাদেশে হওয়া ভূমিকম্পের, প্রথম কম্পনের প্রভাব পড়েছিল বঙ্গেও। এই কম্পন অনুভূত হয় কলকাতাতেও। টেকটনিক পাতের সংঘর্ষে মুহুর্মুহুই ঘটেছে এই ঘটনা বলে মত ভূবিজ্ঞানীদের। এখন প্রশ্ন কেন হিমালয়ের পার্বত্য অংশ ভূমিকম্পের জন্য এতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এর কারণ হিসেবে ভূবিজ্ঞানীরা যেটা জানাচ্ছেন, তা হল হিমালয়ের নিচে অবস্থিত ভারতীয় পাতকে সমানে ধাক্কা দিয়ে চলেছে ইউরেশীয় পাত। যার ফলে প্রতিবছর প্রায় ৫ সেন্টিমিটার করে সরে যাচ্ছে ভারতীয় পাত। আর এই ভূগর্ভস্থ পাতের অবস্থার পরিবর্তনে এতে ক্রমশ দৈর্ঘ্যে-প্রস্থে বেড়ে চলেছে হিমালয়। অন্যদিকে চাপ সামলাতে না পেরে ভূপৃষ্ঠের উপরিভাগ কখনও কখনও কুঁকড়ে যাচ্ছে, আবার কখনও চাপমুক্তির জন্য নিজেকে প্রশস্ত করছে। আর ঠিক তখনই কম্পন অনুভূত হচ্ছে ভূপৃষ্ঠে বলে মত বিজ্ঞানীদের।

দেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলি চিহ্নিত করার জন্য যে ‘সিসমিক জোন’-এর তালিকা ব্যবহার করা হয়।সম্প্রতি সেই ‘সিসমিক জোন’-এর তালিকায় যুক্ত হয়েছে আরও একটি জোন। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের তরফ থেকে সিসমিক জোন’-এর তালিকায় ‘জোন ৬’ যুক্ত হয়েছে। আগে ভারতকে জোন-২ থেকে জোন-৫ পর্যন্ত চারটি অঞ্চলে ভাগ করা হয়েছিল। এখন সেখানে ‘জোন ৬’ যুক্ত হল। আর এই নতুন সিসমিক মানচিত্র অনুযায়ী গোটা হিমালয় পর্বতমালাকে এখন সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ। অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের প্রকাশিত সেই মানচিত্রে চরম উদ্বেগের ছায়া লক্ষ্য করা যাচ্ছে।
তাই বিশেষজ্ঞদের সতর্কবার্তা, ভূগর্ভস্থ পাতের স্থান পরিবর্তনে হিমালয়ের অগ্রভাগ, মধ্যভাগ ও পরিধি বরাবর ফাটলের পরিমান বাড়ছে । অর্থাৎ ভবিষ্যতে গোটা হিমালয় পর্বতের পাদদেশ জুড়ে কম্পনের ব্যাপক আশঙ্কা রয়েছে। যার তীব্রতা অনেক বেশি হতে পারে আশঙ্কা ভূতত্ত্ববিদদের ।
অর্থাৎ দেশের ৬১% অঞ্চলকে বর্তমানে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন ভূতত্ত্ববিদরা। যা খুবই উদ্বেগের বলে মত তাদের।