Satadru Dutta: শতদ্রুকে আদালতে তোলার সময় উঠল চোর চোর স্লোগান, বিক্ষোভ বিজেপির

রবিবার আদালতে তোলা হয় শতদ্রু দত্তকে

শনিবার সল্টলেক স্টেডিয়ামে তাণ্ডবলীলা চলার কারণে গ্রেফতার হয়েছেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। গতকাল মেসির সঙ্গে কলকাতা থেকে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কলকাতা বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করে সিআইএসএফ ও পুলিশ। রবিবার সকালে তাঁকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে। সেখানে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। তাঁর উদ্দেশ্যে চপ্পল দেখায় বিজেপি। বিক্ষোভের মাঝেই তাঁকে আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এদিন সরকারী আইনজীবী বলেন, অভিযুক্তকে কখনই যেন জামিনে না ছাড়া হয়। কারণ এই ঘটনায় তথ্যপ্রমাণ জোগাড় করার প্রয়োজন রয়েছে। অন্যদিকে, শতদ্রুর আইনজীবী বলেন, আমরা ১৪ দিনের হেফাজত কমানোর চেষ্টা করেছি। কিন্তু আদালত পুলিশের অনুরোধকেই মান্যতা দিয়েছে। স্টেডিয়ামে কীভাবে বিশৃঙ্খলা ছড়িয়েছিল, কারা এই ঘটনায় জড়িত সেই সম্পর্কে এখনই আমরা কিছু বলতে পারব না।

প্রসঙ্গত, গত শনিবার ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। এদেশে এসেই কলকাতাতে পা রেখেছিলেন তিনি। সূচি অনুযায়ী, যুবভারতী স্টেডিয়ামে বেশ কিছুক্ষণ থাকার কথা ছিল মেসির। কিন্তু মাঠে এলেও তাঁকে ঘিরে ছিল আমলা-মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যরা। এছাড়া বিনোদন জগতের ব্যক্তিত্ব, মিডিয়ার লোকজনেরা ঘিরে ছিলেন তাঁকে। যার ফলে গ্যালারিতে থাকা সাধারণ মানুষরা একঝলকও দেখতে পাননি মেসিকে। আর সেই কারণেই তুলকালাম কাণ্ড ঘটে যুবভারতীতে।

এই ঘটনার পর তড়িঘড়ি মেসিকে নিয়ে বেরিয়ে যায় তাঁর টিম। ক্ষুব্ধ দর্শকরা ভাঙচুড় চালায় যুবভারতীতে। এই ঘটনায় পরিপ্রেক্ষিতে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ইভেন্টের আয়োজক শতদ্রু দত্তকে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।