Salt Lake Stadium Incident: সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুড়ের ঘটনায় গ্রেফতার ২, জারি রয়েছে ধরপাকড়

সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুড়ের গ্রেফতার ২ যুবক

গত শনিবার সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium) ভাঙচুড়ের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। একদিকে যেমন রয়েছে যাঁরা টিকিট কেটে লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে গিয়ে প্রতারিত হয়েছেন। তেমনই অন্যদিকে যাঁদের জন্য এই ঘটনাটি ঘটেছে তাঁদের পক্ষে সাফাই দেওয়ারও একটি পক্ষ রয়েছে। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্টেডিয়ামে ভাঙচুড়ের ঘটনায় গ্রেফতার ২ যুবক। সোমবার নাগেরবাজার থেকে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ গ্রেফতার করে ২ জনকে। ধৃতরা হল শুভ্রপ্রতিম দে এবং গৌরব বসু। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

ধৃতদের বিরুদ্ধে সরকারী সম্পত্তি নষ্ট, শান্তিশৃঙ্খলা ভঙ্গ, সরকারী কর্মীকে কাজে বাধা, ইচ্ছাকৃতভাবে সরকারী কর্মীকে হেনস্থা, সরকারী কর্মীকে গুরুতর জখম করার মতো একাধিক গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে সল্টলেক স্টেডিয়ামে বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার হল ৩। গত শনিবার এই ঘটনায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছিল পুলিশ।

প্রসঙ্গত, গত শনিবার কলকাতায় এসেছিলেন মেসি। তাঁকে দেখতে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল ভক্তদের ভিড়। ৫, ১০ হাজার টিকিট কেটে কোনও দর্শকই সেভাবে মেসিকে দেখতে পায়নি বলে অভিযোগ। মাত্র ১০ মিনিটের জন্য স্টেডিয়ামে এসেছিলেন তিনি। তারপর নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তাঁকে নিয়ে বেরিয়ে যান তাঁর টিমের সদস্যরা। এই ঘটনার পরই স্টেডিয়ামে ভাঙচুড় চালায় উন্মত্ত জনতা। অভিযোগ, মিস ম্যানেজমেন্ট ও ভিআইপিদের ভিড়ে সাধারণ মানুষ দেখতে পায়নি লিও মেসিকে।