PM Narendra Modi: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা হল না মেসির, সোমবারই বিমানে করে দেশ ছাড়লেন…

ভেস্তে গেল মেসি-মোদীর সাক্ষাৎ

কলকাতা, হায়দরাবাদ, মুম্বইয়ের পর সোমবার দিল্লিতে কিংবদন্তী ফুটবল তারকা লিওনেল মেসি (Lionel Messi)। বর্তমানে তাঁর গোট ট্যুর নিয়ে বিতর্ক চরমে। যদিও হায়দরাবাদ ও মুম্বইয়ের সফর সফল হয়েছে মেসির। তবে দিল্লি সফরের আগে ফের শিরোনামে গোট ট্যুর। এই সফরে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে দেখা করার কথা ছিল মেসির। কিন্তু শেষমেশ তা হল না। আসলে দিল্লির খারাপ আবহাওয়ার কারণে মুম্বই থেকে আসতে দেরি হয় মেসির। এদিকে মোদীর আবার ত্রিদেশীয় সফর ছিল। সেই কারণে তিনি সোমবারই জর্ডনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ইতিমধ্যে তিনি জর্ডনের আম্মানে পৌঁছেও গেছেন।

সূত্রের খবর, এদিন ২১ মিনিটের জন্য দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা ছিল। কিন্তু তা আগেই বাতিল হয়ে যায়। সকাল সাড়ে ৮টা নাগাদ প্রধানমন্ত্রীর ফ্লাইট ছিল। কিন্তু সোমবার সকালে বায়ুদূষণের কারণে খারাপ দৃশ্যমানতা থাকায় সময় পিছিয়ে সাড়ে ৯টা হয়। অন্যদিকে মুম্বই থেকে মেসির বিমান ছাড়ার সময় ছিল ৯টা ১৫ মিনিটে। কিন্তু তা পিছিয়ে হয় ১২টা। ফলে দুজনের সময়সূচির মিল না হওয়ায় এই সৌজন্য সাক্ষাৎ সম্ভব হল না। যদিও পরবর্তীকালে মেসি, মোদীর মধ্যে দেখা হবে কিনা, তার কোনও নিশ্চিয়তা আপাতত নেই।

এদিকে মেসির দিল্লি সফর দেরি হওয়ার কারণে সকাল থেকেই দীর্ঘক্ষণ অরুন জেটলি স্টেডিয়ামে অপেক্ষা করছিলেন অগনিত দর্শক। কিন্তু তিনি দেরি করে আসার অনুষ্ঠান শুরু হতে হতে দুপুর হয়ে যায়। তবে সেই কারণে কোনও বিশৃঙ্খলা হয়নি। বরং দিল্লিতেও সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে মেসির গোট ট্যুর। হায়দরাবাদ, মুম্বইয়ের মতো সেখানেও কোনও অপ্রীতিকর ঘটনার ঘটেনি।