বাংলাদেশে হিন্দু হত্যার ঘটনায় উত্তাল নয়াদিল্লি

New Delhi VHP protest : দিল্লিতে হাইকমিশনের সামনে বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের। বাধা দেওয়ায় পুলিশকেও মারধরের অভিযোগ!

মাম্পি রায়, সাংবাদিক :  বিশ্ব হিন্দু  পরিষদ সহ অন্যান্য হিন্দুত্ব সংগঠনের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হল রাজধানী দিল্লির রাজপথ। বাংলাদেশে ওসমান হাদির হত্যার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সময় দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে হত্যার অভিযোগ উঠেছে। ওই যুবককে জ্যান্ত জ্বালানো  হয় বলেও অভিযোগ। তারই বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হল দিল্লিতে। নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসেও গিয়ে পড়ল অশান্তির আঁচ। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় গত কয়েকদিন ধরে ফেসবুকে সরব হয়েছেন বহু মানুষ।

বাংলাদেশে হিন্দু যুবককে জ্যান্ত পুড়িয়ে খুন !

বাংলাদেশে হাদির হত্য়ার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন চলছিল। সেইসময়ে ভিড়ের মধ্যেই পিটিয়ে রাস্তায় ঝুলিয়ে দেওয়া হয় দীপু দাস নামে ওই যুবককে।  তাঁর গায়ে আগুন দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে ভারতের একাধিক হিন্দু সংগঠন। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে নেপালেও।  

“আমরা রাম, কৃষ্ণের দেশে বসবাস করি”

বিক্ষোভ প্রদর্শনের সময়ে এক বিক্ষোভকারী কাঁদতে কাঁদতে বলেন, “আমরা রামের দেশে বসবাস করি, কৃষ্ণের দেশে বসবাস করি। আমরা তো কাউকে মারিনা। কিন্তু ওরা আমাদের মা-বোনেদের সম্মান নষ্ট করে। বিক্ষোভ প্রদর্শনের সময়ে ব্যারিকেড ভাঙার চেষ্টাও করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের আটকাতে বেশ বেগ পেতে হয়েছে পুলিশকে।

ব্যানার-পোস্টার নিয়ে বিক্ষোভ প্রদর্শন

হাতে ব্যানার পোস্টার নিয়ে বিক্ষোভ প্রদর্শন চলে। বাংলাদেশে হিন্দু যুবককে হত্যা এবং হিন্দুদের উপরে হওয়া অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। প্রতিবেশী দেশে হিন্দুদের উপর যে অত্যাচার, অনাচার ঘটে চলেছে, তা অবিলম্বে বন্ধ করা হোক, এমনই দাবি তুললেন বিক্ষোভকারীরা।

এমন অশান্তির আঁচ আগেই পেয়েছিল দিল্লি পুলিশ। সেজন্য সোমবার সকাল থেকেই দিল্লিতে বাংলাদেশে দূতাবাসের সামনে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দিয়েছিল পুলিশ। কঠোর নিরাপত্তা ব্যবস্থার পরও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে বিক্ষোভ দেখান। নিরাপত্তার দুটি স্তর ভেঙে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা।  

ক্ষোভ উগরে দিলেন প্রদর্শনকারীরা

এক বিক্ষোভকারী জানাচ্ছেন, আমাদের এক হিন্দু ভাইকে বাংলাদেশে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। প্রতিবাদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের কুশপুতুল জ্বালান বিক্ষোভকারীরা।

ভারতীয় হাই কমিশনারকে তলব বাংলাদেশের

 নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে হামলার ঘটনায় ইতিমধ্যে উদ্বেগপ্রকাশ করেছে বাংলাদেশ। ঘটনায় ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে ঢাকা।