অবশেষে নির্বাচন কমিশনে মুখ্যমন্ত্রী

কালো পোশাকে নির্বাচন কমিশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন এসআইআর-এ ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার। মৃত ৩ বিএলও-র পরিবারের সদস্যরাও ছিলেন।

মাম্পি রায়, সাংবাদিক : সোমবার দিল্লির কমিশনের দফতরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভবনে দিল্লি পুলিশের অতি সক্রিয়তা নিয়েও সরব হয়েছেন তিনি। তারপরও নির্বাচন কমিশনে যাওয়া থেকে আটকানো গেল না তৃণমূল সুপ্রিমোকে। সোমবার বিকেল ৪টের পর নির্বাচন সদনে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসআইআর আতঙ্কের জেরে মৃতদের পরিবারের সদস্যরা। সকলের পরনেই ছিল কালো পোশাক বা কালো শাল। নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন এসআইআর-এ ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার। মৃত ৩ বিএলও-র পরিবারের সদস্যরাও ছিলেন।

সোমবার সকালে চাণক্যপুরী ও হেইলি রোডের বঙ্গভবন ঘিরে ফেলেছিল দিল্লি পুলিশ। বঙ্গভবনের বিভিন্ন ঘরে তল্লাশিও চালানো হয় বলে অভিযোগ। দিল্লি পুলিশের আচরণের প্রতিবাদ করতে গিয়ে অগ্নিশর্মা হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।