ঘাসফুলে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ

শুক্রবার তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য।

মাম্পি রায়, সাংবাদিক : বিধানসভা ভোটের আগে বড় চমক তৃণমূল শিবিরে। শাসকদলে যোগ দিলেন ২০১৮ এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ। শুক্রবার তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

দলে যোগ দিয়ে স্বপ্না বলেন, “আমি মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।” তাঁর কথায়, মানুষের জন্য কাজ করার উপযুক্ত মঞ্চ তৃণমূল কংগ্রেস, সেই কারণেই এই সিদ্ধান্ত। জানুয়ারি মাসে শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নাকে সংবর্ধনা জানিয়েছিলেন। তখন থেকেই তাঁর রাজনৈতিক যোগদান নিয়ে জল্পনা শুরু হয়।

জলপাইগুড়ির মেয়ে স্বপ্না ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন। তবে পরবর্তী সময়ে চোটের সমস্যায় ভুগে প্রতিযোগিতামূলক অ্যাথলেটিক্স থেকে সরে দাঁড়ানোর কথা জানান। বর্তমানে তিনি ভারতীয় রেলে কর্মরত।

দলীয় মঞ্চে স্বপ্নাকে পাশে বসিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানান ব্রাত্য ও চন্দ্রিমা। ব্রাত্য বলেন, দিল্লিতে মহিলা কুস্তিগিরদের আন্দোলনের ঘটনাই প্রমাণ করে, বিজেপি কী চোখে দেশের মহিলা ক্রীড়াবিদদের দেখে। তাঁর অভিযোগ, অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংহের ছেলেকেও নির্বাচনে টিকিট দিয়েছে বিজেপি।

গৌতম দেবের দাবি, রাজবংশী সম্প্রদায়ের কন্যা স্বপ্না আন্তর্জাতিক স্তরে দেশের মুখ উজ্জ্বল করেছেন। আগামী দিনে ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে এবং তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তিনি। ভোটের আগে স্বপ্নার এই যোগদান রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে পর্যবেক্ষকদের একাংশ।