রাজ্যসভা ভোটে মনোনয়ন পেশ তৃণমূল প্রার্থীদের

সংসদের উচ্চকক্ষে রাজ্যের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াকে বড় সম্মান বলে উল্লেখ করেন তৃণমূলের ৪ প্রার্থী।

মাম্পি রায়, সাংবাদিক: ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। তার আগে নিজেদের শক্তি প্রদর্শন করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। সেজন্যই তো বৃহস্পতিবার বিধানসভায় মনোনয়নপত্র জমা দিলেন দলের চার প্রার্থী। তাঁরা হলেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজীব কুমার (Rajeev Kumar), টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick), বালিগঞ্জের বিধায়ক তথা কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy).

বিধানসভায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চার প্রার্থীই সংসদের উচ্চকক্ষে রাজ্যের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াকে বড় সম্মান বলে উল্লেখ করেন। একইসঙ্গে সাধারণ মানুষের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতিও দেন তাঁরা।

অবসরপ্রাপ্ত রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার (Rajeev Kumar) বলেন, ‘‘এটা বিশাল দায়িত্ব এবং আমার কাছে অত্যন্ত বড় সম্মানের বিষয়। আমার উপর আস্থা রেখে এই সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অসংখ্য ধন্যবাদ জানাই।’’

তিনি আরও বলেন, ‘‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি। যাতে সাধারণ মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করতে পারি এবং এই গুরুদায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।’’

অন্যদিকে, বিনোদন জগত থেকে সরাসরি রাজনীতির ময়দানে এবং সংসদের উচ্চকক্ষে পা রাখতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick). জীবনে নতুন রাজনৈতিক অধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, ‘‘জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এটা সত্যিই একটা বড় দায়িত্ব। মানুষের ভালবাসা এতদিন আমাকে সিনেমার পর্দায় এগিয়ে নিয়ে এসেছে, এবার সেই ভালবাসার প্রতিদান দেওয়ার সুযোগ এসেছে জনসেবার মাধ্যমে।’’

তৃণমূলের আর এক প্রার্থী বালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) মনোনয়ন জমা দিয়ে বলেন, ‘‘দলের উপর অগাধ আস্থা রয়েছে এবং দলের নেতৃত্ব যে দায়িত্ব দেবেন, তা যথাসাধ্য পালন করবো। সংসদের উচ্চকক্ষে রাজ্যের কথা তুলে ধরা এবং মানুষের সমস্যার সমাধানের জন্য কাজ করাটাই এখন মূল লক্ষ্য।’’

আইনজীবী মেনকা গুরুস্বামীও (Menaka Guruswamy) রাজ্যসভা নির্বাচনে মনোনয়নের এই সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ‘‘সাংবিধানিক মূল্যবোধ রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে সংসদে সোচ্চার হওয়ার সুযোগ পেলে তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করবো।’’

আসন্ন রাজ্যসভা নির্বাচনকে (Rajya Sabha Election 2026) ঘিরে নানান জল্পনার আবহে চার ভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিকে প্রার্থী করে চমক দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রশাসন, সংস্কৃতি, রাজনীতি এবং আইন—এই চার ক্ষেত্রের অভিজ্ঞতাকে সামনে রেখে রাজ্যসভায় শক্তিশালী উপস্থিতি গড়ে তুলতেই এই কৌশল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

দলীয় সূত্রের দাবি, সংসদের উচ্চকক্ষে রাজ্যের স্বার্থ তুলে ধরা এবং কেন্দ্র-রাজ্য সম্পর্কের বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা নেওয়াই হবে নতুন সদস্যদের প্রধান লক্ষ্য।