সল্টলেকে বিজেপি পার্টি অফিসে তুমুল বিক্ষোভ

প্রার্থী পছন্দ নয়। এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ দলীয় কর্মীদের।

বিশ্বজিৎ পাল, নিজস্ব সংবাদদাতা : এন্টালি কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রওয়ালকে পছন্দ নয় স্থানীয় বিজেপি কর্মীদের। প্রতিবাদে বিজেপি কর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল।

শুধু বেলেঘাটা নয়। এবার এন্টালি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বদল করার দাবি নিয়ে বিক্ষোভ। বিজেপি পার্টি অফিসের ভিতরে ঢুকে মেঝেতে বসে চলল বিক্ষোভ।

এছাড়াও কুলপি, গোসাবা, এন্টালি সহ একাধিক কেন্দ্র থেকে দলীয় কর্মীরা বিজেপি পার্টি অফিসে এসে জমায়েত করলেন। মানছি না মানবো না স্লোগান দিয়ে চলে বিক্ষোভ। তুমুল চিৎকার ও স্লোগানের মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আসরে নামতে হয় রাজ্য বিজেপি সবাপতি শমীক ভট্টাচার্য এবং লকেট চট্টোপাধ্যায়কে। শীর্ষ নেতৃত্বের সামনেই প্রার্থী বদলের দাবি জানান বিজেপি কর্মীরা।

 একটা সময়ে শমীক বলেন, “একটা সময় পর্যন্ত আমি সহ্য করবো, তারপর আর নয়।”

সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে লকেট বলেন, “কিছু হয়নি। আমরা একটা পরিবার।  মতবিরোধ থাকতেই পারে। সমস্যা মিটে যাবে।”