২০২৬ এর নির্বাচনে বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না হুঁশিয়ারি দিলেন বর্ষীয়াণ এই সংখ্যালঘু নেতা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : উত্তর কলকাতার এন্টালি কেন্দ্রে প্রার্থী ঘোষণার পরই বিজেপিতে বড়সড় ভাঙন। বৃহস্পতিবারই এই কেন্দ্রে প্রিয়াঙ্কা টিবরেওয়াল-এর নামে চূড়ান্ত সিলমোহর দিয়েছিল বিজেপি, তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে উত্তর কলকাতার বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলম নাম লেখালেন হুমায়ুন কবীরের দল আমজনতা উন্নয়ন পার্টিতে। আমজনতা উন্নয়ন পার্টির এন্টালি কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীও তিনি। দীর্ঘদিন ধরেই উত্তর কলকাতার রাজনীতির সঙ্গে যুক্ত আছেন শাহ আলম। ২০১৭ সালে কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। তাঁর যোগদানের ফলে সংখ্যালঘু ভোটারদের একটা বড় অংশ অ্যাসেট ছিল বিজেপির। শাহ আলমের দলবদলে এন্টালিতে সেই সংখ্যালঘু ভোট বিজেপির হাত ছাড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান প্রসঙ্গে শাহ আলমের বক্তব্য, যে দলকে তিনি বিগত কয়েকটি নির্বাচনে দ্বিতীয় স্থানে তুলে এনেছিলেন, সেই বিজেপি তাঁকে যোগ্য সম্মান দেয়নি। ২০২৬ এর নির্বাচনে বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না হুঁশিয়ারি দিলেন বর্ষীয়াণ এই সংখ্যালঘু নেতা।
২০২৬ এ পথচলা শুরুর আমজনতা উন্নয়ন পার্টির। তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীর যে দলের কাণ্ডারী। হুমায়ুন কিন্তু তাঁর দলকে শুধুমাত্র মুর্শিদাবাদ বা মালদহ কেন্দ্রীক করে রাখতে চান না, তা শাহ আলমের যোগদানের পরই স্পষ্ট হলে গেল। এদিকে আমজনতা উন্নয়ন পার্টির নেতা সৈয়দ খুবাইব আমিনের স্পষ্ট বক্তব্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে স্রেফ রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার জন্য ব্যবহার করে তৃণমূল-বিজেপি। তবে আমজনতা উন্নয়ন পার্টি সেই ধারাতে বিশ্বাসী নয়। সবাইকে সমান মর্যাদা দেওয়াই দলের মূল লক্ষ্য বলে দাবি করেছেন সৈয়দ খুবাইব আমিন।

উল্লেখ্য, এন্টালি কেন্দ্রে এবারের তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা। সন্দীপন বিদায়ী বিধায়ক স্বর্ণকমল সাহা-র পুত্র। ২০২১ এর নির্বাচনে এই কেন্দ্র থেকে ৫৮ হাজার ২৫৭ ভোটের বিপুল জয় এনে দিয়েছিলেন স্বর্ণকমল। সেখানে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছিলেন মাত্র ৪৩ হাজার ভোট। এবারের নির্বাচনী বৈতরণী পার হওয়া যে সহজ হবে না তা হয়ত হারে হারে বুঝে গিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। শুধু বিজেপিই নয়, বাংলায় তৃণমূলের জয়ও যে বেশ কঠিন তা হুঙ্কারের সুরে বলেছেন সদ্য বিজেপি ত্যাগী শাহ আলম।
গতবারের নির্বাচনে এন্টালিতে তৃণমূলে লক্ষাধিক ভোট পড়েছিল। এবার আরও ব্যবধান বাড়বে, তেমনই সুর শোনা গিয়েছে সন্দীপনের গলায়। তবে সত্যি সেই ব্যবধান বাড়বে, না শাহ আলম শাসক দল তৃণমূল, বিরোধী বিজেপির জয়ে পথে কাঁটা হয়ে উঠবেন তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ৪ মে পর্যন্ত।