“ঝুলি থেকে বিড়াল..”, কাকে নিশানা নেত্রীর ?

“কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প কেন থাকবে? পিছন থেকে খেলছেন কেন? সামনে এসে খেলুন।”

মাম্পি রায়, সাংবাদিক : নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee). একটি ৬ বছরের পুরনো নথিকে হাতিয়ার করে কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুললেন তিনি। ওই নথিতে পদ্মফুল চিহ্ন-সহ বিজেপির নামাঙ্কিত সিল ব্যবহারের অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra).

মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই নথির প্রতিলিপি দেখিয়ে বলেন, “কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প কেন থাকবে? পিছন থেকে খেলছেন কেন? সামনে এসে খেলুন।” নির্বাচন কমিশন অবশ্য এই ঘটনাকে ‘ক্লারিক্যাল মিস্টেক’ বলে ব্যাখ্যা করেছে। সেই ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ করে মুখ্যমন্ত্রীর পাল্টা প্রশ্ন, “এটা কি সত্যিই ক্লারিক্যাল ভুল, না রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত?”

এই প্রসঙ্গে নেত্রীর মন্তব্য, “ঝুলি থেকে বিড়াল বেড়িয়ে পড়েছে।”

এই ইস্যুতে সকালেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে কমিশনকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee). এরপরই দুপুরে একই সুরে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু ওই নথি নয়, সোমবার গভীর রাতে এসআইআর সংক্রান্ত তালিকা প্রকাশ নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী। তাঁর বক্তব্য, “তালিকা প্রকাশ করতে এত ভয় কেন? তা হলে কি স্বচ্ছতার অভাব রয়েছে? বিচারকেরা ছ’দিন আগেই কাজ শেষ করেছিলেন, তা হলে এত দেরি হল কেন? একতরফাভাবে কোনও দলের নাম ঢোকানো হয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা দরকার।”

এর পাশাপাশি, ভোটের আগে প্রশাসনিক স্তরে বদলি নিয়েও সরব হয়েছেন তিনি। অভিযোগ, “গতকালও ৭৩ জন রিটার্নিং অফিসারকে অনৈতিকভাবে বদলি করা হয়েছে।” নন্দীগ্রামের এক বিডিও-কে ভবানীপুরে নিয়ে আসার ঘটনাও তুলে ধরেন তিনি।

নির্বাচন কমিশনকে কেন্দ্রের শাসকদলের প্রভাবাধীন বলে অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর বার্তা, “বাম-ডান ভুলে যান। যারা এই চক্রান্তের বিরুদ্ধে, সবাই একসঙ্গে লড়ুন। আমার পাশে থাকার দরকার নেই, মানুষের পাশে থাকুন।”

এসআইআর মামলা নিয়ে নেত্রী জানান, সুপ্রিম কোর্টে গিয়ে তাঁর হস্তক্ষেপের কারণে কিছু নাম তালিকায় অন্তর্ভুক্ত করা গিয়েছে। কমিশন ও বিজেপিকে একসঙ্গে নিশানা করে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “এই এসআইআর-ই ওদের শেষ করবে।” সোমবার রাতের তালিকা প্রকাশের পরও কেন বুথে বুথে তালিকা টাঙানো হয়নি, সেই প্রশ্নও তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।