ডিজেলকে আপাতত পুরোপুরি শুল্কমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলের ক্ষেত্রেও অন্তঃশুল্ক লিটার প্রতি ১৩ টাকা থেকে নামিয়ে আনা হয়েছে ৩ টাকায়।

মাম্পি রায়, সাংবাদিক : আরব দুনিয়ায় অস্থিরতার আবহে দেশে জ্বালানি সঙ্কট ও সম্ভাব্য ‘এনার্জি লকডাউন’ নিয়ে জল্পনা তুঙ্গে। ঘরে ঘরে প্রশ্ন— রান্নার গ্যাস মিলবে তো? পেট্রোল-ডিজেলের অভাবে কি ফের করোনাকালের মতো গৃহবন্দি পরিস্থিতি ফিরতে চলেছে? শুক্রবার সেই সব আশঙ্কায় কার্যত জল ঢেলে দিল কেন্দ্র। স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman). তিনি জানান, দেশে জ্বালানির কোনও ঘাটতি হবে না, আপাতত আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে তেলের দামও বাড়ানো হচ্ছে না।
নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জরুরি বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সিদ্ধান্ত হয়েছে, পেট্রোল, ডিজেল ও এভিয়েশন টার্বাইন ফুয়েলের সরবরাহ স্বাভাবিক থাকবে। পাশাপাশি, সাধারণ মানুষের উপর চাপ কমাতে একাধিক পদক্ষেপও ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পেট্রোল-ডিজেলের ওপর আবগারি শুল্ক কমানো হয়েছে উল্লেখযোগ্য হারে। ডিজেলকে আপাতত পুরোপুরি শুল্কমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলের ক্ষেত্রেও অন্তঃশুল্ক লিটার প্রতি ১৩ টাকা থেকে নামিয়ে আনা হয়েছে ৩ টাকায়। এর ফলে বাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কা অনেকটাই কমবে বলেই দাবি কেন্দ্রের।
শুধু তাই নয়, দেশে জ্বালানির জোগান বজায় রাখতে রফতানিতেও রাশ টানা হচ্ছে। যে সব রিফাইনারি বিদেশ থেকে কাঁচা তেল এনে ভারতে পরিশোধন করে বাইরে রফতানি করে, তাদের উপর বাড়তি শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ্য— দেশের প্রয়োজন মিটিয়েই তবেই রফতানি।
রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলিকেও বিশেষ সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে কেন্দ্র। HPCL, BPCL ও IOC-র মতো সংস্থাগুলিকে প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা দেওয়া হবে, যাতে বিদেশ থেকে আমদানিতে কোনও বাধা না আসে।
এদিকে, এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে। প্রধানমন্ত্রী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার আগেই বিতর্ক ঘনীভূত হয়। করোনাকালের লকডাউনের প্রসঙ্গ টেনে কেন্দ্রকে আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাল্টা জবাব দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan). তাঁর কটাক্ষ, পশ্চিমবঙ্গে রাজনৈতিক স্বার্থেই আতঙ্ক ছড়ানো হচ্ছে।
তবে সব জল্পনায় ইতি টানতে অর্থমন্ত্রীর সাফ বক্তব্য— ‘এনার্জি লকডাউন’ সম্পূর্ণ গুজব। কোভিডের মতো কোনও লকডাউনের পরিকল্পনা সরকারের নেই। রাজনৈতিক উদ্দেশ্যেই এই আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তাঁর। কেন্দ্রের এই আশ্বাসে আপাতত স্বস্তি মিলেছে সাধারণ মানুষের একাংশের।