পোস্টার লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি

রাজপুর-সোনারপুরে পোস্টার লাগাতে গিয়ে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রানিয়া মণ্ডলপাড়ায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল। অভিযোগ, আচমকাই তাদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি।
বিজেপির দাবি, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত দাসের ঘনিষ্ঠরাই এই হামলা চালিয়েছে। জানা গিয়েছে, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন কর্মীরা। সেই সময়ই হামলা চালানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ উঠেছে।
ঘটনায় দুই বিজেপি কর্মী মারধরের শিকার হয়েছেন বলে জানা গিয়েছে। একটি বাড়ির দেওয়ালে পোস্টার লাগানোর সময়ই এই ঘটনা ঘটে বলে দাবি। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।