ব্যাঙ্কিং থেকে বিমা, ডিজিটাল পেমেন্ট থেকে ঋণ—আর্থিক ব্যবস্থার প্রায় সর্বত্রই দ্রুত ঢুকে পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। শুধু তথ্য বিশ্লেষণ নয়, এআই এজেন্ট এখন নিজে থেকেই সিদ্ধান্ত নিচ্ছে, লেনদেন পরিচালনা করছে, এমনকি জালিয়াতি শনাক্তকরণ ও ঋণ দেওয়ার ক্ষেত্রেও ভূমিকা নিচ্ছে। এই পরিস্থিতিতে এআই-নির্ভর আর্থিক পরিকাঠামোকে সাইবার হামলা থেকে রক্ষা করতে এ বার বিশেষ উদ্যোগ নিল আইআইটি কানপুর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
আইআইটি কানপুরের ওয়াধওয়ানি স্কুল অব এআই অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেমস এবং ভারত ওয়ান.এআই (ইন্টেলিনিউর প্রাইভেট লিমিটেড) যৌথ ভাবে চালু করল ‘এআই কবচ’। সংস্থাগুলির দাবি, ভারতে এই প্রথম এমন কোনও এআই সাইবার নিরাপত্তা ও অ্যাসিওরেন্স ল্যাব তৈরি হল, যার মূল লক্ষ্য আর্থিক পরিষেবায় ব্যবহৃত এআই ব্যবস্থাকে নিরাপদ রাখা।
কেন এমন উদ্যোগ? গবেষকদের মতে, এআই এজেন্ট ক্রমশ স্বয়ংক্রিয় হয়ে ওঠায় তাদের হাতে অত্যন্ত সংবেদনশীল তথ্য এবং আর্থিক লেনদেনের ক্ষমতা চলে আসছে। ফলে নিরাপত্তার সামান্য ফাঁকও বড় বিপদের কারণ হতে পারে। সম্প্রতি নিয়ন্ত্রিত পরিবেশ থেকে উন্নত এআই সিস্টেম বেরিয়ে যাওয়ার মতো আন্তর্জাতিক ঘটনাও এআই-এর অনিশ্চিত আচরণ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। একই সঙ্গে, নতুন প্রজন্মের এআই মডেলের সাহায্যে সাইবার হামলা চালানোর খরচ ও প্রযুক্তিগত বাধা কমছে বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞেরা।
‘এআই কবচ’-এর অন্যতম কাজ হবে আর্থিক ব্যবস্থায় ব্যবহৃত এআই-কে ‘অ্যাডভার্সারিয়াল রেড-টিমিং’-এর মাধ্যমে পরীক্ষা করা। অর্থাৎ, সম্ভাব্য হামলার পরিস্থিতি তৈরি করে কোথায় নিরাপত্তার ফাঁক রয়েছে, তা খুঁজে বার করা হবে। পাশাপাশি স্বয়ংক্রিয় এআই এজেন্টকে নিয়ন্ত্রণে রাখা, ‘স্যান্ডবক্সিং’ প্রযুক্তি, এআই-এর সিদ্ধান্তের উৎস অনুসরণযোগ্য করা এবং দুর্বলতা প্রকাশের নিরাপদ পদ্ধতি নিয়েও গবেষণা চলবে।
এআই নিরাপত্তায় দক্ষ কর্মী তৈরিরও লক্ষ্য রয়েছে। ফেলোশিপ, প্রশিক্ষণ ও নিরাপত্তা অনুশীলনের মাধ্যমে প্রতি বছর ৩০০-র বেশি পড়ুয়া ও পেশাদারকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ল্যাবটি ভারতএআই মিশনের সমর্থিত কম্পিউটিং পরিকাঠামোও ব্যবহার করবে।
আইআইটি কানপুরের অধিকর্তা অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল জানিয়েছেন, এই যৌথ উদ্যোগের লক্ষ্য উন্নত এআই গবেষণার পাশাপাশি ভারতের এআই পরিকাঠামোকে আরও নিরাপদ ও স্থিতিশীল করা। ভারত ওয়ান.এআই-এর সহ-প্রতিষ্ঠাতা উমাকান্ত সোনির কথায়, এআই যত বেশি স্বয়ংক্রিয় হচ্ছে, নিরাপত্তা আর ‘পরে দেখার বিষয়’ থাকতে পারে না—এটি প্রযুক্তির মূল কাঠামোরই অংশ হতে হবে।