কপিলমুনির মন্দিরে পুজো অমিত শাহর

সাগর বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে মানুষের পাশে থাকার বার্তা শাহর।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : সোমবার সকালেই রাজনৈতিক উত্তাপ ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রে। গঙ্গাসাগরের পবিত্র কপিলমুনি মন্দিরে পুজো দিতে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফরকে ঘিরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি ছিল উৎসাহী সাধারণ মানুষের উপস্থিতিও।
পুজো অর্চনার পর মন্দির প্রাঙ্গণে কিছুটা সময় কাটান অমিত শাহ। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। তাঁর এই জনসংযোগ কর্মসূচি ঘিরে বিজেপি শিবিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমন্ত মন্ডল। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্দিরে পুজো দেন এবং পরে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সুমন্ত মন্ডল বলেন, “৪ মে পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠিত হবে। তার প্রথম পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, আর দ্বিতীয় পরীক্ষার মুখোমুখি হতে চলেছি আমরা। মানুষের সমর্থন ও আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে।”
তিনি আরও জানান, অমিত শাহর এই সফর সাগর বিধানসভা এলাকায় বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করবে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের আশা-আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যা আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছেন তিনি।
এদিন মন্দির চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। দলীয় পতাকা হাতে কর্মীদের উপস্থিতি যেন একপ্রকার শক্তি প্রদর্শনের ছবি তুলে ধরে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের ধর্মীয় ও জনসংযোগমূলক কর্মসূচি ভোটারদের ওপর মানসিক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গঙ্গাসাগরের মতো ধর্মীয় গুরুত্বসম্পন্ন এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি বিজেপির পক্ষে ইতিবাচক বার্তা দিতে পারে।
সব মিলিয়ে, কপিলমুনি মন্দিরে অমিত শাহর পুজো ও জনসংযোগ ঘিরে সাগর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী আবহ আরও তীব্র হয়ে উঠেছে। এখন দেখার, এই সফরের প্রভাব কতটা পড়ে আসন্ন নির্বাচনের ফলাফলে।