ভোটারদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর

“গণতন্ত্রের এই উৎসবে রাজ্যের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রশংসনীয়” ভোট শেষ না হওয়া পর্যন্ত একই উদ্দীপনা বজায় রাখার আবেদন জানান তিনি।

মাম্পি রায়, সাংবাদিক : দ্বিতীয় দফার ভোটগ্রহণ ঘিরে উৎসাহের আবহে পশ্চিমবঙ্গের ভোটারদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার উত্তরপ্রদেশের হরদোইতে এক জনসভা থেকে তিনি বলেন, গণতন্ত্রের এই উৎসবে রাজ্যের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রশংসনীয় এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত একই উদ্দীপনা বজায় রাখার আবেদন জানান তিনি।

প্রধানমন্ত্রীর কথায়, “বাংলার মহান মানুষদের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থেকে বিপুল সংখ্যায় ভোট দিচ্ছেন। এখনও ভোট শেষ হতে কয়েক ঘণ্টা বাকি। সকলের কাছে আবেদন, একইভাবে গণতন্ত্রের এই উৎসবে অংশ নিন।” তিনি আরও দাবি করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যাচ্ছে মানুষকে, যার ছবি সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

ভোটের হার ও জনউৎসাহের প্রসঙ্গ তুলে মোদীর মন্তব্য, গত ছয়-সাত দশকে এমন পরিবেশ কল্পনাও করা যায়নি। তাঁর দাবি, এ বার ভোট হচ্ছে “ভয়মুক্ত পরিবেশে”, যা দেশের সংবিধান এবং গণতন্ত্রের শক্তির প্রতীক।

বুধবার দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোটের হার পৌঁছয় ৬১.১১ শতাংশে, এমনটাই জানিয়েছে Election Commission of India। জেলার নিরিখে এগিয়ে হুগলি—সেখানে ভোট পড়েছে ৬৪.৫৭ শতাংশ। হাওড়ায় ৬০.৬৮ শতাংশ এবং নদিয়ায় ৬১.৪১ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। কলকাতা উত্তর কেন্দ্রে ভোটের হার ৬০.১৮ শতাংশ, আর দক্ষিণ কলকাতায় ৫৭.৭৩ শতাংশ।

দ্বিতীয় দফায় মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা প্রায় ৩.২১ কোটি। পুরুষ ভোটার ১.৬৪ কোটির বেশি, মহিলা ভোটার প্রায় ১.৫৭ কোটি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭৯২ জন। মোট ১,৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ২২০ জন মহিলা। সব মিলিয়ে, ভোটের এই পর্বেই অনেকটা স্পষ্ট হয়ে যাবে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতের রূপরেখা। আগামী ৪ মে ভোট গণনা।