প্রতিশ্রুতি মেনে গঙ্গাসাগরে চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’, বিধায়কের হাত ধরে বিলি করা হল ফর্ম।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : নির্বাচনী প্রতিশ্রুতি মেনে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কেন্দ্রীয় সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’। আজ গঙ্গাসাগরের কৃষ্ণনগর মধ্যপল্লী এলাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এলাকার মহিলাদের হাতে এই প্রকল্পের আবেদনপত্র তুলে দেন সাগর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সুমন্ত মণ্ডল এবং বিডিও কানাইয়া কুমার রাও।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পরিবর্তে আরও সুবিধাযুক্ত ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, আজ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ফর্ম বিলি শুরু হলো।

অনুষ্ঠানে বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, “মায়েদের মধ্যে এই যোজনা নিয়ে বিপুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি, আগামী ৩ জুনের মধ্যেই প্রচুর সংখ্যক আবেদনপত্র জমা পড়বে।” তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তা মহিলারা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
সরকারি এই প্রকল্পের সুবিধা পেতে স্থানীয় মহিলারা এদিন ভিড় জমান। বিধায়ক ও বিডিওর উপস্থিতিতে ফর্ম বিলি প্রক্রিয়ার সূচনা হওয়ায় স্থানীয়দের মধ্যে খুশির হাওয়া দেখা যায়। দ্রুত ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন।