এসআইআর এবং বাংলাদেশিদের তাড়ানো নিয়ে যখন তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। ঠিক তখন একের পর এক বাংলাদেশিদের শনাক্ত করছে পুলিশ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : গোপন সূত্রে খবর পেয়ে ১৮ জন বাংলাদেশিকে আটক করল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার পুলিশ। মঙ্গলবার রাতে কুলতলি থানার গোদাবর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। ধৃতরা সকলেই জানিয়েছেন তাঁরা বাংলাদেশের বাসিন্দা। দালালের হাত ধরে, চুরি করে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছিলেন তাঁরা।
নতুন রাজ্য সরকার বাংলাদেশিদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতেই ধরপাকড় শুরু হয়েছে রাজ্যজুড়ে। জেলায় জেলায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। সেখানে রাখার পর বাংলাদেশে পুশ ব্যাক করা হচ্ছে প্রশাসনের উদ্যোগে। সেই তালিকায় এবার কুলতলির নাম জুড়ল। বিগত তিন সাড়ে তিন বছর ধরে এই এলাকায় থাকছিলেন এই বাংলাদেশিরা। এলাকার ইটভাটাতে কাজও করতেন কেউ কেউ। গোপন সূত্রে খবর পেয়ে, কুলতলি থানার পুলিশ অভিযুক্তদের আটক করেছে। ধৃতদের মধ্যে ৬ জন শিশুও রয়েছে। ধৃতদের পরিচয় পত্র খতিয়ে দেখে তাঁদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে বলেই পুলিশ সূত্রে খবর। এরপর তাদেরকেও বাংলাদেশে ফেরত পাঠানোর সমস্ত ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে পুলিশের তরফে।