অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছেন তৃণমূল নেতা!

বারুইপুরে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ তৃণমূলের উপ পুরপ্রধানের, ‘মিথ্যা বলা হচ্ছে’ বলে গলা ফাটানো নেতাই আজ ফর্ম ফিলাপ করাচ্ছেন, কটাক্ষ বিজেপির।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : অন্নপূর্ণা যোজনার সুবিধা যাতে এলাকার সমস্ত মহিলারা পান, তার জন্য নিজেই ফর্ম পূরণে হাত লাগালেন তৃণমূল নেতা। বুধবার বারুইপুরের সোনার তরী কমিউনিটি হলে এমনই ছবি ধরা পড়ল।

বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল নেতা তথা বারুইপুর পুরসভার উপ পুরপ্রধান গৌতম দাসের উদ্যোগে এদিন সকাল থেকে কমিউনিটি হলে এলাকার মহিলাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করে দেওয়া হয়।

এ বিষয়ে উপ পুরপ্রধান গৌতম দাস বলেন, “সরকারি প্রকল্পের সুবিধে যাতে এলাকার সমস্ত মহিলারা পান, সে কথা মাথায় রেখেই এলাকার কাউন্সিলর তথা উপ পুরপ্রধান হিসেবে আমি মহিলাদের ফর্ম পূরণ করতে সাহায্য করছি।” পাশাপাশি অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়ার জন্য রাজ্য সরকারের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

এদিন কমিউনিটি হলে দীর্ঘ লাইন চোখে পড়ে। ফর্ম পূরণের পাশাপাশি কীভাবে আবেদন করতে হবে, কী কী নথি লাগবে সে বিষয়েও মহিলাদের বুঝিয়ে দেন তৃণমূল নেতা-কর্মীরা।

এই ঘটনাকে কটাক্ষ করেছেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি গৌতম চক্রবর্তী। তিনি বলেন, “ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যিনি কদিন আগেও গলা ফাটিয়ে বলেছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্ত মিথ্যা কথা বলা হচ্ছে, তিনি আজ নিজেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ করছেন। মানুষ সব দেখছে।”