টোটো চালাতে ২০ হাজার টাকা তোলা না দেওয়ায় স্বামী-স্ত্রীকে বেধড়ক মার, অভিযুক্ত বারুইপুর স্টেশনের দখলদার ব্যবসায়ীরা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : টোটো চালাতে ২০ হাজার টাকা তোলা না দেওয়ায় দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও মারধরের শিকার হচ্ছেন টোটো চালকরা। মঙ্গলবার স্ত্রী-সহ টোটো চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বারুইপুর স্টেশনের এক নম্বর প্লাটফর্ম এলাকার কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে।
অভিযোগ, এক নম্বর প্লাটফর্মের রাস্তা আটকে ব্যবসা করছেন বেশ কয়েকজন মাছ ব্যবসায়ী ও বেআইনি লটারি ব্যবসায়ী। টোটো লাইন পেতে ২০ হাজার টাকা পর্যন্ত তোলা চাওয়া হয়। তৃণমূল আমলে এই টাকা না দেওয়ায় টোটো চালকদের উপর অত্যাচার আরও বেড়েছে বলে অভিযোগ। বিভিন্ন অজুহাতে নিয়মিত টোটো চালকদের মারধর করা হয়।
অভিযুক্ত ব্যবসায়ীদের মধ্যে লাল্টু, দদুল, ছুটু, শুভ-সহ আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। অভিযোগ, এরা এক নম্বর প্লাটফর্মের রাস্তা দখল করে ব্যবসা চালায় এবং টোটো চালকদের কাছ থেকে জোর করে তোলা আদায়ের চেষ্টা করে। টাকা না দিলে বিভিন্ন অজুহাতে মারধর করা হয়।
মঙ্গলবার স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় টোটো চালক বিশ্বরূপ রায়কে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রেহাই পাননি তাঁর স্ত্রী মামনি সিংহ রায়ও।
ঘটনার পর স্বামী-স্ত্রী দু’জনেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় টোটো চালকদের অভিযোগ, প্লাটফর্ম চত্বরে অবৈধ দখলদারি ও তোলাবাজির কারণে তারা প্রতিদিন আতঙ্কে থাকেন। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।