নেহরুর রেকর্ড ভাঙলেন নরেন্দ্র মোদী। এনডিএ বৈঠকে অভিনন্দনের বন্যা। নিজে হাতে ঝালমুড়ি পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মাম্পি রায়, সাংবাদিক : দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা ৪৩৯৯ দিন প্রধানমন্ত্রী পদে থেকে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে দিলেন তিনি। বুধবার রাজধানী দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ-র বৈঠকে এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান জোটের শরিক দলগুলির নেতারা।
বৈঠকে উপস্থিত এনডিএ নেতাদের সঙ্গে একান্ত আলাপচারিতার পাশাপাশি ছিল খাওয়াদাওয়ার বিশেষ আয়োজন। প্রধানমন্ত্রী নিজেই জোটসঙ্গীদের সঙ্গে ঝালমুড়ি ভাগ করে নেন।

নিজে হাতে প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি খাওয়ান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মুহূর্ত ঘিরে তৈরি হয় বিশেষ আন্তরিক পরিবেশ। পরে প্রধানমন্ত্রী এবং এনডিএ-র শীর্ষ নেতারা একসঙ্গে গ্রুপ ফোটোর জন্যও পোজ দেন।

বুধবারের বৈঠকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাবও আনা হয়। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সেই প্রস্তাব উত্থাপন করেন। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও তা সমর্থন করেন। এনডিএ নেতাদের বক্তব্যে উঠে আসে মোদীর নেতৃত্বে গত এক দশকেরও বেশি সময়ে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের প্রসঙ্গ।
প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) এক বিবৃতিতে জানিয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে টানা সর্বাধিক সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক অর্জন। ২০১৪ সালে প্রথম বার প্রধানমন্ত্রী পদে বসার পর থেকে নিরবচ্ছিন্ন ভাবে দেশের নেতৃত্ব দিয়ে চলেছেন মোদী। বুধবার সেই সময়কাল দাঁড়িয়েছে ৪৩৯৯ দিনে।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্বাধীনতার পর ১৯৪৭ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৬৪ সালে মৃত্যুর আগে পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। যদিও দেশের প্রথম সাধারণ নির্বাচনে তিনি জয়ী হন ১৯৫১-৫২ সালে। অন্য দিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রায় ১৬ বছর প্রধানমন্ত্রী থাকলেও তাঁর মেয়াদ ছিল দু’টি পৃথক পর্যায়ে বিভক্ত। ফলে টানা সময়ের বিচারে মোদীর এই রেকর্ড বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
পিএমও-র দাবি, মোদীর নেতৃত্বে গত বারো বছরের বেশি সময় ধরে দেশের প্রশাসনে স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং উন্নয়নমূলক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রয়েছে। একই সঙ্গে এই সময়ে বিজেপি দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের বিস্তার ঘটিয়েছে বিভিন্ন রাজ্যে। সেই প্রেক্ষাপটেই নেহরুর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার মুহূর্তকে বিশেষ গুরুত্ব দিচ্ছে শাসক শিবির।