গঙ্গাসাগরে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন মানুষজন।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের সুমতি নগর ও জীবনতলা গ্রামের সংযোগকারী একমাত্র কাঠের সেতুটি দীর্ঘ এক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। জরাজীর্ণ এই সেতু দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে রোগী, বৃদ্ধ এবং স্কুলগামী ছাত্র-ছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটির কাঠ পচে গিয়ে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা। স্থানীয়রা জানান, বারংবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। বর্ষার মরশুম সামনে আসায় আতঙ্ক আরও বেড়েছে এলাকাবাসীদের মধ্যে। দ্রুত সেতুটি মেরামতি বা নতুন সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।

এই বিষয়ে স্থানীয় নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুমন্ত মণ্ডল জানান, তিনি ব্যক্তিগতভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেতুটির বেহাল দশা সম্পর্কে তিনি অবগত। বিধায়ক আশ্বাস দিয়েছেন, p w d এর সঙ্গে কথা বলেছেন প্রশাসনিক স্তরে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামতির ব্যবস্থা করা হবে। এখন প্রশাসন কবে এই সমস্যা সমাধানে উদ্যোগী হয়, সেটাই দেখার বিষয়।