কুলতলীতে চোর সন্দেহে গণপিটুনি

গণপিটুনিতে ভিনরাজ্যের ব্যক্তির মৃত্যু, আটক ৮

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার কুলতলীতে চোর বা ছেলেধরা সন্দেহে এক ভিনরাজ্যের ব্যক্তিকে নৃশংসভাবে গণপিটুনির অভিযোগ উঠল। এই ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি কেরালার বাসিন্দা। তিনি কুলতলী এলাকায় পরিচিত এক ব্যক্তির বাড়িতে এসেছিলেন। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে তিনি বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পথ ভুলে অন্য একটি এলাকায় ঢুকে পড়েন। সেখানে স্থানীয় বাসিন্দারা তাঁকে অপরিচিত দেখে চোর বা ছেলেধরা বলে সন্দেহ করতে শুরু করেন।
​কী ঘটেছিল?


অভিযোগ, ওই ব্যক্তি বাংলা ভাষা না জানায় গ্রামবাসীদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। ভাষাগত বাধার কারণেই তিনি নিজের পরিচয় বা আগমনের কারণ স্পষ্ট করতে ব্যর্থ হন। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের সন্দেহ আরও দানা বাঁধে। অভিযোগ ওঠে, উত্তেজিত জনতা তাঁকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করতে শুরু করেন।
খবর পেয়েই কুলতলী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত ও অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি জয়নগর-কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়লে নড়েচড়ে বসে পুলিশ। সেই ভিডিওর সূত্র ধরে এবং স্থানীয়দের বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করে কুলতলী থানার পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত মোট ৮ জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দুইজন নাবালক রয়েছে। মৃত ব্যক্তির প্রকৃত পরিচয় এবং তিনি ঠিক কার বাড়িতে এসেছিলেন, তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।