সাগর ব্লকে জনকল্যাণ শিবির

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ঋণের চেক তুলে দিলেন বিধায়ক।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে সাগর ব্লকে আয়োজিত হলো এক বিশেষ জনকল্যাণ শিবির। সোমবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী বুধবার পর্যন্ত। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মন্ডল এবং বিডিও কানাইয়া কুমার রাও।
​এদিন ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে এলাকার স্বনির্ভর গোষ্ঠী গ্রুপের মহিলাদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। সরকারি সহায়তায় স্বনির্ভর হওয়ার সুযোগ পেয়ে খুশি উপভোক্তারা। বিধায়ক সুমন্ত মন্ডল জানান, সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির লক্ষ্যে সরকার সব সময় সচেষ্ট। ব্লক স্তরে এই ধরনের শিবির সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা পেতে সাহায্য করবে।
​এদিকে, প্রথম দিনেই শিবিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্য, কৃষি, আবাসন থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে স্থানীয় বাসিন্দারা এদিন সকাল থেকেই ভিড় জমান। বিডিও কানাইয়া কুমার রাও জানান, কোনো আবেদনকারী যেন সরকারি সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই এই শিবিরের মূল লক্ষ্য।
​সোমবারের মতো মঙ্গল ও বুধবারও এই শিবির একইভাবে চলবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এলাকার মানুষের সুবিধার কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।