সুন্দরবনের জলযান যাবে বাবুঘাটে!

যোগ দিবসে সুন্দরবনের জলযান যাবে বাবুঘাটে, এক সপ্তাহ বন্ধ পর্যটন।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কর্মসুচিতে যোগ দিতে যেতেই হবে সুন্দরবনের সমস্ত লঞ্চ ও ভুটভুটিগুলিকে। সরকারি নির্দেশ লঞ্চ ও ভুটভুটি মিলিয়ে মোট ৫০০ জলযানকে ১৮ তারিখের মধ্যেই পৌঁছতে হবে বাবুঘাটে। ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত সেগুলি বাবুঘাট সহ আশপাশের চত্বরে থাকবে বলেই সূত্রের খবর।

সূত্রের খবর গঙ্গা বক্ষে পালিত হবে এই যোগদিবস। লঞ্চ, ভুটভুটির উপরে যোগ অভ্যাস করবেন এই কর্মসূচিতে যোগ দেওয়া মানুষজন। আর সেই কারণেই সুন্দরবন থেকে এই জলযানগুলিকে নিয়ে যাওয়া হবে বাবুঘাট এলাকায়। তবে লঞ্চ ও ভুটভুটি মিলিয়ে ৫০০ জলযানের চাহিদা সুন্দরবন এলাকা থেকে থাকলেও সাড়ে চারশোর মতো যোগাড় হয়েছে সোমবার বিকেল পর্যন্ত। এই সমস্ত লঞ্চ ও ভুটভুটি মঙ্গলবার সকালেই জলপথে রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে।

তবে প্রধানমন্ত্রীর এই কর্মসূচির জন্য সুন্দরবনের পর্যটনে প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। জলযান না থাকার কারণে আগামী এক সপ্তাহ পর্যটকরা কোনভাবেই যেতে পারবেন না জঙ্গলে। সূত্রের খবর, জলযান যেহেতু সরকারি কর্মসূচির জন্য তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই কারণে এক সপ্তাহের জন্য ১৬ই জুন থেকে ২৩শে জুন সুন্দরবনের জঙ্গলে পর্যটকদের প্রবেশ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আর এতেই মাথায় হাত পড়েছে পর্যটন ব্যবসায়ীদের। তাঁদের দাবি, বর্তমানে ইলিশ উৎসব চলছে সুন্দরবনে। প্রচুর পর্যটকদের বুকিং রয়েছে এই সময়ে। আচমকাই জঙ্গল বন্ধ ও জলযান সরকার তুলে নেওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পর্যটন ব্যবসায়ী বলেন, “ এই কর্মসূচির আগে কোন সূচনা ছিল না। থাকলে আমরা বুকিং নিতাম না। এখন লঞ্চ, ভুটভুটি তুলে নেওয়ার পাশাপাশি জঙ্গলও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দূর দুরান্তের পর্যটকরাও সমস্যায় পড়েছেন। আমরা আর্থিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হলাম।” আরেক ব্যবসায়ী বলেন, “ সকল জলযানের বাবুঘাট যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যারা যেতে অস্বীকার করবে তাঁদের বিএলসি (বোট লাইসেন্স সার্টিফিকেট) বাতিল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।”

বোট ইউনিয়নের সদস্যদের নিয়ে এ বিষয়ে দফায় দফায় গোসাবা ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা বৈঠক করেছেন। সেই বৈঠকে লঞ্চ ও ভুটভুটি প্রসঙ্গে প্রশাসন তাঁদের কড়া অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। সুন্দরবন ট্যুরিস্ট মেকানাইজড বোট ওনার্স এসোসিয়েশানের তরফ থেকে সেই বার্তা ইতিমধ্যেই সমস্ত লঞ্চ ও ভুটভুটি মালিকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। সংগঠনের সম্পাদক আমিরুল মিদ্দে বলেন, “ সরকারি নির্দেশিকা এসেছে সকল লঞ্চ, ভুটভুটিকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য কলকাতার বাবুঘাটে যেতে হবে। সেই নির্দেশ যারা মানবেন না তাঁদের বিএলসি অনির্দিষ্ট কালের জন্য বাতিল করে দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ফলে ইলিশ উৎসব থেকে শুরু করে সুন্দরবনের সমস্ত ধরনের পর্যটন এই এক সপ্তাহের জন্য বন্ধ রাখতে হচ্ছে।”