মধ্যরাতে মল্লিকপুর স্টেশনে হকার উচ্ছেদ

বুলডোজারের সামনে বসে বিক্ষোভ মহিলাদের

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : সোমবার গভীর রাতে বারুইপুরের মল্লিকপুর স্টেশন চত্বরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রেল কর্তৃপক্ষ বুলডোজার, আরপিএফ, কেন্দ্রীয় বাহিনী এবং বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে নামে।

রেল সূত্রে জানা যায়, হকারদের জন্য ১৭ তারিখ পর্যন্ত সময়সীমা বা গাইডলাইন দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পরই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। তবে রাতের অভিযানের খবর ছড়িয়ে পড়তেই বহু হকার ও তাঁদের পরিবারের সদস্যরা স্টেশন চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

ঘটনাস্থলে উপস্থিত হন সিপিআই(এম) নেতা লাহেক আলী । তিনি রেল কর্তৃপক্ষ ও আরপিএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তারপর তিনি এলাকার মানুষদেরকে আত্মস্থ করেন এবং সঙ্গে ছিলেন এডভোকেট আয়েশা নাজরিন হাইকোর্টের আইনজীবী তিনি আশ্বস্ত করেন যে তাদের হয়ে ফ্রিতে তিনি লড়বেন হাইকোর্টে, কিন্তু পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে যখন উচ্ছেদ অভিযানের জন্য বুলডোজার এগিয়ে আসে। প্রতিবাদে বেশ কয়েকজন মহিলা বুলডোজারের সামনে বসে পড়েন এবং উচ্ছেদ বন্ধের দাবি তোলেন।

পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীরা বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এরপর রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান শুরু করে এবং স্টেশন চত্বরের একাধিক হকারের দোকান ও অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘক্ষণ উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়।