সৃজন জানায়, পরিবারের সঙ্গে টিভি দেখার সময়ই জানতে পারে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : পরিশ্রম, নিষ্ঠা আর স্বপ্নপূরণের অদম্য ইচ্ছাশক্তিই যে সাফল্যের চাবিকাঠি তা প্রমাণ করল হাওড়ার শিবপুরের ছাত্র সৃজন শূর। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স-এ রাজ্যে সপ্তম স্থান অর্জন করেছে সাউথ পয়েন্ট স্কুলের এই মেধাবী ছাত্র। সৃজনের এই সাফল্যে আনন্দের আবহ পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং তাঁর বন্ধুদের মধ্যে। তবে এই সাফল্য একদিনে আসেনি। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম,অধ্যবসায় এবং লক্ষ্যের প্রতি অটুট মনোযোগই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।
এর আগেও নিজের মেধার পরিচয় দিয়েছিল সৃজন। সিবিএসইর দশম শ্রেণির পরীক্ষায় সে পঞ্চম স্থান অর্জন করেছিল। দ্বাদশ শ্রেণির পড়াশোনার পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতিও সমান তালে চালিয়ে গিয়েছে সে। স্কুলের পড়াশোনার সঙ্গে প্রাইভেট ও অনলাইন কোচিংয়ের সাহায্য নিয়ে প্রতিদিন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিয়েছে। সৃজনের মা শ্রাবণী শূর জানান, ছেলে অত্যন্ত পরিশ্রমী। প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা পড়াশোনা করত। ভালো ফলের আশা থাকলেও রাজ্যে সপ্তম স্থান অর্জন করবে এমনটা পরিবারের কেউ ভাবেননি।
নিজের সাফল্যের কথা বলতে গিয়ে সৃজন জানায়, পরিবারের সঙ্গে টিভি দেখার সময়ই জানতে পারে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে। সেই মুহূর্তের আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন বলে জানায় সে। সৃজনের মতে, তার এই সাফল্যের পেছনে বাবা-মা এবং শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাঁদের সহযোগিতা ও উৎসাহই তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।
ভবিষ্যতে খড়গপুর আইআইটিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় সৃজন। ইতিমধ্যেই সেখানে সুযোগ পেয়েছে সে। পড়াশোনার প্রতি গভীর আগ্রহ থাকলেও খেলাধুলা বা রাজনীতিতে তার বিশেষ আগ্রহ নেই। অবসর সময়ে টেলিভিশনে মোটর রেসিং দেখতে ভালোবাসে। ছেলের সাফল্যে গর্বিত মা শ্রাবণী শূর জানান, সৃজন বিরিয়ানি খেতে খুব ভালোবাসে।
আগামী দিনের পরীক্ষার্থীদের জন্য সৃজনের পরামর্শ, সাফল্যের কোনও শর্টকাট নেই। শুধু ফর্মুলা মুখস্থ করলেই হবে না প্রতিটি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করতে হবে। তাহলেই যেকোনও ধরনের প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সঙ্গে দেওয়া সম্ভব। সৃজনের এই সাফল্য শুধু তার পরিবারের গর্ব নয়,আগামী প্রজন্মের পড়ুয়াদের কাছেও এক অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে। কঠোর পরিশ্রম আর স্বপ্নকে সঙ্গী করে এগিয়ে গেলে যে সাফল্যের শিখরে পৌঁছানে যায় সৃজন শূরের পথচলাই তার উজ্জ্বল উদাহরণ।