“মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেই হাতেনাতে ফল মিললো।”

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা : পালাবদলের পর মুখ্যমন্ত্রীর আশ্বাসে অবশেষে এদিন ভোররাতে তামান্না খুনে পুলিশ আরও ২ জনকে গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম জিয়ারুল সেখ, সাবির সেখ। এদের বাড়ি কালীগঞ্জের মোলান্দি গ্রামে। গতকাল বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বড়সড় সাফল্য পেল পুলিশ। এই খুনে মোট ১৩ জনকে গ্রেফতার করা হল। মঙ্গলবার গভীর রাতে কালীগঞ্জ ও তার আশেপাশের এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে এই হত্যাকাণ্ডে যুক্ত এই দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের চোখে ধুলো দিয়ে ভিন রাজ্যে ও জেলার বিভিন্ন প্রান্তে গা ঢাকা দিয়ে বেরাচ্ছিল ধৃত সাবির শেখ ও জিয়ারুল শেখ। শেষ পর্যন্ত পুলিশ কৌশলে নিয়ে তাদের গ্রেফতার করল।
প্রসঙ্গত ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশের দিন মোলান্দিতে গণনা চলাকালীন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিজয়োল্লাসে মেতে ওঠে। মোলান্দি গ্রামে বিজয়োল্লাসে পটকা ফাটাতে শুরু করে তারা। এই সময় সকেটের আঘাতে একরত্তি তামান্না খাতুনের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তামান্না খাতুনের মৃত্যুতে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। এই ঘটনায় ২৪ জনের নামে অভিযোগ দায়ের হয়। এখনও পর্যন্ত সব অভিযুক্ত ধরা পড়েনি। স্বাভাবিকভাবেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল। এরপর পালাবদল হতেও বিক্ষোভ ডেপুটেশন চলছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভায় কড়া বার্তা দেওয়ার পর এদিন ভোররাতে এই খুনের অভিযোগে গ্রেফতার করা হয়। ধৃতদের এদিন আদালতে তোলা হয়। গ্রেফতার হওয়ার খবর পেয়ে এদিন চোখের জল ধরে রাখতে পারেননি তামান্নার মা সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মধ্যেও তাঁকে সময় দিয়েছিলেন। নিজে ডেকে দেখা করেছিলেন। বিচারের সম্পূর্ণ আশ্বাস দিয়েছিলেন। তাঁর সেই কথার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পুলিশ যে এইভাবে অ্যাকশন নেবে তিনি ভাবেননি।