ভারতে আরও ৪৮ বিলিয়ন ডলার বিনিয়োগ অ্যামাজনের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসির।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক: ভারতে লগ্নির অঙ্ক আরও বাড়াল মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যামাজন। আগামী পাঁচ বছরে, অর্থাৎ ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে অতিরিক্ত ৪৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সংস্থাটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসির বৈঠকের পরই এই ঘোষণা করা হয়েছে। এই বিপুল বিনিয়োগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের প্রতি বিশ্বের আস্থারই প্রতিফলন এই সিদ্ধান্ত।

বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জ্যাসি। পরে সমাজমাধ্যম এক্স-এ মোদী লেখেন, ‘‘অ্যান্ডি জ্যাসির সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। অ্যামাজনের রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারের বিনিয়োগকে স্বাগত জানাই। এর ফলে দেশের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে এটি প্রমাণ করে যে, বিশ্বজুড়ে ভারতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমশ বাড়ছে।’’

জ্যাসিও এক্স-এ জানান, গত এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় গ্রাহক, বিক্রেতা, স্টার্ট-আপ এবং সংস্থাগুলির সঙ্গে কাজ করছে অ্যামাজন। সেই যাত্রাকে আরও বিস্তৃত করতেই এই বিপুল বিনিয়োগের সিদ্ধান্ত। তাঁর কথায়, ‘‘ভারতে সম্ভাবনা এখনও বিপুল। আগামী দিনে আরও অনেক কিছু গড়ে তোলা সম্ভব।’’

অ্যামাজনের দাবি, নতুন বিনিয়োগের মধ্যে ২১ বিলিয়ন ডলারেরও বেশি খরচ করা হবে কৃত্রিম মেধা (এআই) এবং ক্লাউড পরিকাঠামো উন্নয়নে। বিশেষ করে মুম্বই এবং হায়দরাবাদে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এর ডেটা সেন্টার সম্প্রসারণে জোর দেওয়া হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ক্লাউড ও এআই পরিষেবার চাহিদা দ্রুত বাড়ায় অতিরিক্ত ১৩ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে ভারতে অ্যামাজনের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সংখ্যা প্রায় ২৮ লক্ষ। ২০৩০ সালের মধ্যে তা বাড়িয়ে ৩৮ লক্ষে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে সংস্থা। পাশাপাশি, ৮০ বিলিয়ন ডলারের ই-কমার্স রফতানি সক্ষম করা, ১ কোটি ৫০ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে এআই প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়া এবং ৪০ লক্ষ সরকারি স্কুলপড়ুয়ার কাছে এআই শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করেছে অ্যামাজন।

২০১০ সাল থেকে ভারতে অ্যামাজনের মোট বিনিয়োগের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার। নতুন ঘোষণার ফলে ২০৩০ সালের মধ্যে ভারতে সংস্থার মোট আর্থিক প্রতিশ্রুতির অঙ্ক ৮৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে অ্যামাজন।