গঙ্গাসাগরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান

কচুবেড়িয়া ভেসেল ঘাটে যাত্রী শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিনের দাবি পূরণের পথে গঙ্গাসাগরবাসী। কচুবেড়িয়া ভেসেল ঘাটে যাত্রীদের চরম দুর্ভোগ কমাতে অবশেষে তৈরি হতে চলেছে মাথার উপরে স্থায়ী ছাউনি বা যাত্রী শেড। এই যাত্রী শেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক সুমন্ত মণ্ডল।


​সাগরদ্বীপের বাসিন্দা ও গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের জন্য এই শেড অত্যন্ত জরুরি ছিল। ভাটায় জল কমে যাওয়ায় টানা চার থেকে পাঁচ ঘণ্টা ভেসেল পরিষেবা বন্ধ থাকে। এছাড়া স্বাভাবিক সময়েও প্রতি ৩০ থেকে ৪৫ মিনিট অন্তর ভেসেল পাওয়া যায়। এই দীর্ঘ সময় যাত্রীদের রোদ-বৃষ্টি মাথায় নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হতো, যা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। ​বিজেপি বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই সমস্যার দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন সুমন্ত মণ্ডল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, সাগর পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে তিন লক্ষ টাকা ব্যয়ে এই যাত্রী শেডটি নির্মাণ করা হবে। ​ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রাও, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সাগর থানার ওসি অর্পণ নায়েক সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। যাত্রী শেড তৈরির খবরে খুশি স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা। তাঁদের আশা, খুব শীঘ্রই এর নির্মাণকাজ শেষ হলে রোদ-বৃষ্টির দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।