ট্রাফিক কন্ট্রোলে রাস্তায় বিজেপি

ক্যানিংয়ে আইন মেনে গাড়ি চালানোর বার্তা বিজেপির।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : রাস্তায় আইন মেনে অনেকেই গাড়ি চালাচ্ছেন না। হেলমেট ছাড়াই মোটর বাইক চালানোর পাশাপাশি অন্যান্য আইনও ভাঙছেন গাড়ি চালকরা। ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিতে গেলেই অনেক সময় নানান বিজেপি নেতৃত্বের নাম করে ছেড়ে দেওয়ার অনুরোধও করা হচ্ছে। এসবের প্রতিবাদেই বিজেপির যুব মোর্চার তরফে ক্যানিং নতুন অটোস্ট্যান্ডে ট্রাফিক গার্ডের অফিসের সামনেই মাইকিং করে সতর্ক বার্তা দেওয়া হল মঙ্গলবার সকালে।

একদিকে যেমন ক্যানিং শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী হয়েছেন তাঁরা, তেমনি যাতে আইন মেনে সকলেই গাড়ি চালান সেই বার্তাই দিলেন বিজেপির যুব নেতৃত্ব। দিনের পর দিন রাস্তার যেখানে সেখানে যাত্রী ওঠানামা করানোর ফলে রাস্তায় যানজট তৈরি হচ্ছে। পাশাপাশি যথাযথ নিয়ম অনেকেই গাড়ি বাইক চালাচ্ছেন না বলে অভিযোগ তাঁদের। এছাড়াও বিজেপির নাম করে প্রভাব খাটিয়ে পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টাও করছেন অনেকেই। আর সেই কারণেই এদিন এই সতর্কবার্তা দিলেন তাঁরা। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক অলিপ সমাদ্দার বলেন, “ আমরা চাই সকলেই নিয়ম মেনে গাড়ি চালাক। নেতা হোক বা সাধারণ মানুষ সকলেই নিয়ম মেনে গাড়ি চালাবে। আর তা না করলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। পাশাপাশি ক্যানিং শহর যাতে যানজট মুক্ত হয় সে বিষয়ে অটো, টোটো সকলকেই নির্দিষ্ট জায়গায় যাত্রী ওঠানামা করানোর বার্তা দেওয়া হল।”