হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ অগ্নিকাণ্ড !

অগ্নিদগ্ধ প্রায় ২৫ জন। যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

দীপক পণ্ডা, নিজস্ব সংবাদদাতা : আচমকাই বাজ পড়ার শব্দ। তারপরই বিস্ফোরণ । মূহুর্তে এইভাবে দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। হলদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।মঙ্গলবার ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা সরবরাহকারী পাইপলাইনে আগুন ধরে যায়। নিমেষের মধ্যে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে সেই আগুন। ঘটনায় অগ্নিদগ্ধ প্রায় ২৫ জন। যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়েই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশকয়েকটি ইঞ্জিন।ফোম ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টাচালানো হয়। কিভাবে ঘটল এই দুর্ঘটনা?

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোররাত থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। একের পর এক বাজ পড়তে থাকে। হঠাৎ করে পাইপলাইন থেকে ন্যাপথা লিক করতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ওই পাইপলাইনে। দ্রুত তা ছড়িয়েও পড়ে। জানা যাচ্ছে, আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। অন্যদিকে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে পেট্রোকেমিক্যালের মধ্যে। কর্মীদের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় একজন জানান, ঘটনার পরেই যাঁরা বাইরে বেরিয়েছিলেন, তাঁরাই আগুনে ঝলসে যান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং প্রশাসনের আধিকারিকরা। দ্রুত আহতদের হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ৫ জন-সহ আরও কয়েকজনকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের হলদিয়া হাসপাতালেই চিকিৎসা চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে সকালেই আহতদের দেখতে তমলুক হাসপাতালে যান হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি। তিনি বলেন, “পাইপলাইন লিক করে ন্যাপথা বেরিয়ে গিয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে।” তবে কী কারণে পাইপলাইন থেকে ন্যাপথা লিক করল, তা এখনও স্পষ্ট নয়। শিল্পাঞ্চল এলাকা,এই ধরনের দুর্ঘটনা ঘটা খুব স্বাভাবিক। তবে সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানান তিনি।

কারখানার পাইপলাইনের যেখানে বিস্ফোরণ ঘটেছে তার পাশ দিয়ে গিয়েছে রেললাইন। বিস্ফোরণের জেরে ওভারহেড ইলেকট্রিক লাইন এবং ট্রান্সফর্মার পুড়ে যায় বলে জানা গিয়েছে। একই সঙ্গে লাইনের বেশ কিছুটা অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ফলে ব্যাহত হয় রেল চলাচলও। নিরাপত্তার কথা মাথায় রেখে হলদিয়া থেকে হাওড়াগামী প্যাসেঞ্জার ট্রেন সময়মতো ছাড়া হয়নি বলে রেল সূত্রে খবর। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। এদিকে আগ্নিকাণ্ডের ঘটনায় এলাকার বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক বাড়ি-দোকান জ্বলে গিয়েছে। এলাকা থেকে প্রচুর মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

যদিও বিস্ফোরণের কারন নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি পুলিস।এই প্রসঙ্গে জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, ‘কী ভাবে এমন ঘটনা ঘটল, সেটা এখনই বলা যাচ্ছে না। গোটা ঘটনার তদন্ত চলছে।’ ঘটনার পরেই একটি বিবৃতি জারি করেছে হলদিয়া পেট্রোকেমিক্যালসও। সেখানে বলা হয়েছে, ‘ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এর প্রভাব কতটা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’দমকলের প্রাথমিক অনুমান, বাজ পড়া থেকেই আগুন লাগলেও, আরও স্পষ্ট হতে ইতিমধ্যে হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হলদিয়া পেট্রোকেমিক্যালের তরফে জানানো হয়েছে, গোটা পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে সমস্ত কর্মীর নিরাপত্তা সুনিশ্চিত করাই মূল লক্ষ্য। এর প্রভাব কতটা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।”