জলমগ্ন বারুইপুর, নিকাশি-দুর্নীতির অভিযোগে পুরসভার সামনে সিপিএমের বিক্ষোভ ও ডেপুটেশন।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুর পুর এলাকার জলমগ্ন পরিস্থিতি, বেহাল নিকাশি ব্যবস্থা, বেআইনি নির্মাণ, জলাভূমি ভরাট এবং পুর প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বারুইপুর পুরসভার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিএম।
বিক্ষোভকারীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরেই নিকাশি ব্যবস্থার উন্নতি না হওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি, পুর এলাকার বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ, জলাভূমি ভরাট এবং লাগামছাড়া দুর্নীতির কারণেই এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে দাবি তাঁদের।
সিপিএম নেতৃত্বের আরও অভিযোগ, পুর এলাকার একাধিক স্থানে দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে থাকলেও তা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব পড়ছে।
এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে পুরসভার আধিকারিকদের কাছে একটি স্মারকলিপিও জমা দেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, অবিলম্বে নিকাশি ব্যবস্থার সংস্কার, বেআইনি নির্মাণ ও জলাভূমি ভরাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে।
যদিও সিপিএমের এই অভিযোগের বিষয়ে বারুইপুর পুরসভার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।