‘রামমন্দিরের অনুদান কেলেঙ্কারির বিচার চাইলে সরকার বদলান’

বিজেপিকে নিশানা আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : অযোধ্যার রামজন্মভূমি মন্দিরে অনুদানের অর্থ তছরুপের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টিকে হাতিয়ার করে ফের কেন্দ্রের বিজেপি সরকার এবং উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বুধবার সাংবাদিক বৈঠকে কেজরিওয়ালের দাবি, রামমন্দিরের অনুদান আত্মসাতের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি চাইলে দেশের মানুষকে সরকার পরিবর্তনের পথই বেছে নিতে হবে।

কেজরিওয়ালের বক্তব্য, বর্তমান কেন্দ্র সরকার এবং উত্তরপ্রদেশ সরকার থাকলে এই মামলায় নিরপেক্ষ তদন্ত বা দোষীদের শাস্তি হওয়া সম্ভব নয়। তাঁর কথায়, ‘‘যাঁরা চান রামভক্তদের অনুদানের অর্থ লুটের বিচার হোক, তাঁদের সরকার বদলাতে হবে।’’ অভিযুক্তদের বিরুদ্ধে আইনজীবীদের একাংশ যে আদালতে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন, সেই পদক্ষেপকেও স্বাগত জানান তিনি।

এর পরই বিজেপির বিরুদ্ধে আরও কড়া অভিযোগ তোলেন আপ প্রধান। তাঁর দাবি, বিজেপি নেতারা প্রকৃত অর্থে ভগবান রামকে ঈশ্বর বলে মনে করেন না। যদি করতেন, তবে রামমন্দিরের অনুদান নিয়ে দুর্নীতির অভিযোগ উঠত না। কেজরীবালের কথায়, ‘‘ভগবান রামই তাঁদের কেন্দ্রে এবং ২১টি রাজ্যে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছেন। অন্তত তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত ছিল।’’

কেজরিওয়ালের আরও অভিযোগ, সনাতন ধর্মকে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা এবং অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিজেপি। তাঁর দাবি, এই ঘটনায় দেশের প্রতিটি সনাতনী আঘাত পেয়েছেন এবং ভবিষ্যতে আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে।

নিজেদের দলকেই ‘প্রকৃত সনাতনী দল’ বলেও দাবি করেন কেজরিওয়াল। তাঁর বক্তব্য, আপ সরকার মানুষের জন্য বিনামূল্যে তীর্থযাত্রার ব্যবস্থা করেছে, পঞ্জাবে কালী ও লব-কুশের মন্দির নির্মাণ করছে, ভজন সন্ধ্যার আয়োজন করছে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার চেষ্টা করছে। তাই সনাতন ধর্মের প্রতি প্রকৃত শ্রদ্ধা দেখিয়েছে একমাত্র আম আদমি পার্টিই।

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও (Amit Shah) সরাসরি নিশানা করেন কেজরিওয়াল। তাঁর দাবি, রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার প্রায় আড়াই বছর বা ৮৯১ দিন কেটে গেলেও অমিত শাহ একবারও অযোধ্যার মন্দিরে দর্শনে যাননি। কেজরিওয়ালের অভিযোগ, ভোট চাইতে বারবার রামমন্দিরের নাম ব্যবহার করলেও সেখানে যাওয়ার সময় তাঁর হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে একাধিক প্রশ্নও ছুড়ে দেন আপ প্রধান। তিনি জানতে চান, কেন অমিত শাহ এখনও রামমন্দিরে যাননি, তাঁর কি ভগবান রামের আশীর্বাদের প্রয়োজন নেই, নাকি তিনি রামকে ঈশ্বর বলে মনে করেন না? একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্তত একবার রামমন্দিরে যাওয়ার অনুরোধও জানান।

প্রসঙ্গত, গত সোমবার অযোধ্যার একটি স্থানীয় আদালত রামমন্দিরের অনুদান তছরুপ মামলায় ধৃত সমস্ত অভিযুক্তকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের তদন্তে মন্দিরের অনুদান ও আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগ সামনে আসার পর থেকেই বিষয়টি ঘিরে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে।