প্রতারণার অভিযোগে পুলিশের জালে তৃণমূল নেত্রী-সহ দুজন।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে আইসিডিএস কেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল সাগর থানার পুলিশ। বুধবার একটি নির্দিষ্ট মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এই দুজনকে পাকড়াও করে। ধৃতদের মধ্যে একজন হলেন গঙ্গাসাগরের কালীবাজার এলাকার বাসিন্দা আমিনা বেগম। তিনি পেশায় একজন আইসিডিএস কর্মী এবং সাগর ব্লকের আইসিডিএস-এর তৃণমূলপন্থী সংগঠনের নেত্রী। অন্যজন হলেন রায়দিঘির মধুসূদনচকের বাসিন্দা রাজকুমার গোস্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজকুমার নিজেকে আইসিডিএস-এর ‘জেলা সমন্বয়কারী’ হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অভিযোগ, চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার পুলিশ এদের গ্রেফতার করে এবং এদিনই তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, অভিযুক্তদের কাছ থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত প্রমাণ, গোপন নথিপত্র এবং সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের জন্য তাদের পুলিশি হেফাজতে নেওয়া একান্ত প্রয়োজন। সেই আর্জি জানিয়েই তাদের আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং প্রতারণার জাল কতদূর বিস্তৃত, ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ তা জানার চেষ্টা করছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।