নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দ্বাদশ শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু।গাফিলতির অভিযোগে মিশনের বিরুদ্ধে বাবার অভিযোগ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এক দ্বাদশ শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রের নাম দীপ্তাংশু মাহাত। বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। সে বিদ্যালয়ের এক মেধাবী ছাত্র ছিল বলে জানা গিয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ক্লাস চলাকালীন দীপ্তাংশু গরম চা পান করার পর হঠাৎ অসুস্থ বোধ করেন। এরপর তাঁকে প্রথমে মহামায়াতলার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ইএম বাইপাসের ধারে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ফুলবাগান থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পাশাপাশি মৃত ছাত্রের বাবা, যিনি পেশায় একজন আইনজীবী, ই-মেলের মাধ্যমে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, রামকৃষ্ণ মিশনের গাফিলতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন চত্বরে ব্যাপক চাঞ্চল্যের ছড়িয়েছে। তবে অভিযোগের বিষয়ে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।