রতন টাটার মালিকানাধীন ব্যক্তিগত বিনিয়োগকারী সংস্থা আরএনটি অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেড-এর পরিচালক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : প্রয়াত শিল্পপতি Ratan Tata-র দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং টাটা ট্রাস্টের প্রাক্তন ট্রাস্টি Mehli Mistry এবার তাঁর ব্যক্তিগত বিনিয়োগ সংস্থা থেকে সরে দাঁড়ালেন। রতন টাটার মালিকানাধীন ব্যক্তিগত বিনিয়োগকারী সংস্থা আরএনটি অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেড-এর (RNT Associates Pvt. Ltd.) পরিচালক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সংস্থাটি এক হাজার কোটিরও বেশি টাকার বিনিয়োগ পোর্টফোলিও পরিচালনা করে। পাশাপাশি, ওলা ইলেকট্রিক এবং আরবান কোম্পানির মতো একাধিক উল্লেখযোগ্য সংস্থায় তাদের অংশীদারিত্ব রয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি রতন টাটার উইল কার্যকর করার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। এর আগে মেহলি মিস্ত্রি Ratan Tata Endowment Trust এবং Ratan Tata Endowment Foundation-এর ট্রাস্টির পদ থেকেও ইস্তফা দেন। নতুন ট্রাস্টিরা দায়িত্ব গ্রহণ করায়, উইলের নির্দেশ মেনে আরএনটি অ্যাসোসিয়েটসের পরিচালনা পর্ষদেও তাঁদের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কারণেই পরিচালকের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মেহলি মিস্ত্রি।
৩০ জুন, ২০২৬ তারিখে পরিচালনা পর্ষদের উদ্দেশে পাঠানো পদত্যাগপত্রে তিনি জানান, অন্যান্য দায়িত্বে ব্যস্ত থাকার কারণে তিনি ১ জুলাই থেকে পরিচালক পদ থেকে সরে দাঁড়াতে চান। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, তাঁর পদত্যাগের বিষয়টি নথিভুক্ত করে কোম্পানি আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রার অব কোম্পানিজের কাছে জমা দেওয়া হোক।
তবে সংস্থা ছাড়ার নেপথ্যে শুধু ব্যক্তিগত ব্যস্ততাই নয়, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কারণ রয়েছে বলে জানা গিয়েছে। যেহেতু তিনি আর রতন টাটা এন্ডাওমেন্ট ট্রাস্ট এবং রতন টাটা এন্ডাওমেন্ট ফাউন্ডেশনের ট্রাস্টি নন, তাই রতন টাটার উইলে বর্ণিত নির্দেশ অনুযায়ী ব্যক্তিগত ট্রাস্ট ও ফাউন্ডেশনের মধ্যে সম্পদ বণ্টনের প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতেই পরিচালকের পদ ছেড়ে দেন তিনি।
পদত্যাগপত্রে প্রয়াত রতন টাটার প্রতি শ্রদ্ধা জানিয়ে মেহলি মিস্ত্রি লেখেন, সংস্থাটি যে উদ্দেশ্য নিয়ে রতন টাটা প্রতিষ্ঠা করেছিলেন, সেই লক্ষ্য সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিচালনা পর্ষদের প্রতি তাঁর শুভেচ্ছা রইল।
উল্লেখ্য, রতন টাটার মৃত্যুর পর তাঁর বিপুল ব্যক্তিগত সম্পত্তি, বিনিয়োগ এবং দাতব্য তহবিল পরিচালনা নিয়ে উইল অনুসারে ধাপে ধাপে প্রশাসনিক রদবদল চলছে। সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে মেহলি মিস্ত্রির এই পদত্যাগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিল্পমহল।